প্রধানমন্ত্রীর গাড়ি বহর থামিয়ে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০২:৫১ পিএম
ছবি : সংগৃহীত
গাজীপুরের টঙ্গীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি বহর থামিয়ে বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানিয়েছেন দলের নেতাকর্মীরা। এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখে ‘কৃষক কার্ড’ প্রি-পাইলটিং প্রকল্প ও কৃষি মেলার উদ্বোধনের উদ্দেশ্যে টাঙ্গাইলের পথে রওনা দেন প্রধানমন্ত্রী। সকাল পৌনে ১০টার দিকে বিআরটি প্রকল্পের উড়াল সড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় তার গাড়ি বহর পৌঁছালে আগে থেকেই প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে অবস্থান নেওয়া নেতাকর্মীরা স্লোগান দিতে শুরু করেন। পরে তারা গাড়ির গতিরোধ করে নুরুল ইসলাম সরকারের মুক্তির দাবি জানান।
হাসান উদ্দিন সরকার বলেন, “আমার ভাই নুরুল ইসলাম সরকার দীর্ঘদিন ধরে বিনা অপরাধে জেলে আছেন। আমরা তার নিঃশর্ত মুক্তি চাই।”
এ সময় বিএনপির নেতা সরকার শাহনূর ইসলাম রনি, দুলাল হোসেন, নবীন হোসেন, মানিক মিয়া, মো. শাহিন মিয়া, হাবিবুর রহমান মিতুন, ফারুক হোসেন, আজিজুল হক, হাবিবুর রহমান ও রফিকুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০০৪ সালের ৭ মে সাবেক এমপি আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারকে আসামি করে মামলা দায়ের করা হয়। ওই বছর তাকে গ্রেফতার করা হয়। মামলায় হাইকোর্ট কয়েকজন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখে এবং কয়েকজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়। বর্তমানে মামলাটি সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির অপেক্ষায় রয়েছে।



