নরসিংদীতে জুলাই আন্দোলনের নিহত ও আহতদের ঘটনায় তদন্ত শুরু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৯:০৮ পিএম
নরসিংদীতে জুলাই আন্দোলনে নিহত ও আহতদের ঘটনায় তদন্ত কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ ঘটনায় দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে ট্রাইব্যুনাল সক্রিয় ভূমিকা গ্রহণ করেছে বলে জানানো হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) দুপুরে নরসিংদী জেলা শিল্পকলা একাডেমিতে একটি গণশুনানি অনুষ্ঠিত হয়। এতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামসহ ছয়জন প্রসিকিউটর এবং তদন্ত সংস্থার একটি প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।
গণশুনানিতে অংশ নেন জুলাই আন্দোলনে গুলিবর্ষণে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা এবং সংশ্লিষ্ট আইনজীবীরা। এ সময় ভুক্তভোগী পরিবারগুলো ন্যায়বিচারের জোর দাবি জানান।
গণশুনানিতে জুলাই আন্দোলনের সময় গুলিবর্ষণে নিহত ও আহতদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। অনেকেই ঘটনার দিনকার ভয়াবহতা, প্রিয়জন হারানোর বেদনা এবং দীর্ঘদিন ধরে বিচার না পাওয়ার হতাশার কথা জানান। তারা দ্রুত ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
গণশুনানির মাধ্যমে সংগৃহীত তথ্য-উপাত্ত যাচাই-বাছাই করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে ট্রাইব্যুনাল সূত্রে জানা গেছে। এ প্রক্রিয়ার মাধ্যমে জুলাই আন্দোলনের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে বিচারের আওতায় আনার কার্যক্রম আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
শুনানিতে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, নিহত ও আহতদের জন্য স্বচ্ছ ও নিরপেক্ষ বিচার নিশ্চিত করতেই তারা নরসিংদীতে এসেছেন। সত্য উদঘাটনে সকলের সহযোগিতা অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, তদন্তে যারা তথ্য দিয়ে সহায়তা করবেন, তাদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে। এই গণশুনানির মাধ্যমে জুলাই আন্দোলনের ঘটনায় দায়ীদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া আরও জোরদার হবে।
এদিকে, এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তারা মনে করেন, দীর্ঘদিন পর হলেও এই তদন্ত কার্যক্রম ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে ন্যায়বিচার পাওয়ার আশা জাগিয়েছে।



