Logo
Logo
×

সারাদেশ

কোস্টগার্ডের অভিযান : জলদস্যূ ‘পারভেজ বাহিনী’র ১০ সদস্য এবং ৮ পাচারকারী আটক

Icon

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৪:১৫ পিএম

কোস্টগার্ডের অভিযান : জলদস্যূ ‘পারভেজ বাহিনী’র ১০ সদস্য এবং ৮ পাচারকারী আটক

কক্সবাজার উপকূলে পৃথক তিনটি অভিযানে কুখ্যাত জলদস্যূ ‘পারভেজ বাহিনী’র ১০ সদস্য এবং ৮ জন পাচারকারীকে আটক করা হয়েছে। একইসাথে ডাকাতদের কবলে জিম্মি থাকা ৩ জেলে এবং গভীর সমুদ্রে ভাসমান ৯ বাংলাদেশি নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে কোস্টগার্ড কক্সবাজার স্টেশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (১০ এপ্রিল) রাত ৯টায় কোস্টগার্ড স্টেশন কক্সবাজারের একটি আভিযানিক দল কলাতলী বিচ সংলগ্ন সমুদ্রে অভিযান চালায়। এসময় একটি সন্দেহভাজন ফিশিং বোট পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে সেটিকে আটক করা হয়। বোটটি তল্লাশি করে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ২ রাউন্ড তাজা কার্তুজ ও দেশীয় অস্ত্রসহ কুখ্যাত ডাকাত পারভেজ বাহিনীর ১০ সক্রিয় সদস্যকে আটক করা হয়। এসময় বোটসহ জিম্মি থাকা ৩ জেলেকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড।

এদিকে অপর অভিযানে শুক্রবার দিবাগত রাত ১২টা ও শনিবার ভোর ৩টায় চট্টগ্রাম এবং কক্সবাজারের বাঁকখালী নদীর মোহনায় পৃথক দুটি অভিযান চালানো হয়। শুল্ক ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের সময় ৫ হাজার লিটার ডিজেল, লুব্রিকেন্ট ও গ্যাস সিলিন্ডারসহ ৫ পাচারকারীকে আটক করা হয়। এছাড়াও ৪৫০ বস্তা সিমেন্টসহ আরও ৩ পাচারকারীকে আটক করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লক্ষ টাকা।

এদিকে মালয়েশিয়া যাওয়ার পথে নৌকাডুবির শিকার ৯ জন বাংলাদেশিকে (৮ জন পুরুষ ও ১ জন নারী) জীবিত উদ্ধার করা হয়েছে। গত ১ এপ্রিল আন্দামান দ্বীপপুঞ্জের কাছে গভীর সমুদ্রে ভাসমান অবস্থায় 'এমটি মেঘনা প্রাইড' নামক একটি বাংলাদেশি জাহাজ তাদের উদ্ধার করে। শনিবার ভোররাত ২টায় জাহাজটি উদ্ধারকৃতদের কোস্টগার্ড জাহাজ 'মনসুর আলী'র কাছে হস্তান্তর করে।

লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন জানান, আটককৃত ডাকাত, পাচারকারী এবং উদ্ধারকৃত মালামাল ও ব্যক্তিদের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন