বগুড়ায় ব্যবসায়ী হত্যার বিচারের দাবিত মানববন্ধন
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৪:১২ পিএম
বগুড়ায় ফল ব্যবসায়ী রবিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা। শনিবার (১১ এপ্রিল) সকালে শহরের সাতমাথায় উত্তর চেলোপাড়ায় অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেন তারা।
এতে বক্তব্য রাখেন নিহত রবিনের স্ত্রী রেশনা বেগম, ভাই টুটুন, হৃদয়, মা রোজিনা, এলাকাবাসীর মধ্যে সোনাভান বিবি, আজম, সুলতান, আনিজা, উপহার, কুলছুম, রতন, শহিদ, আরমান সজিব প্রমুখ।
এ সময় বক্তারা অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে রবিনকে হত্যা করা হয়েছে। এর আগেও তার ওপর হামলার ঘটনা ঘটেছিল। যারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তারা এলাকার চিহিৃত সন্ত্রাসী। তাদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।
এর আগে গত ৫ এপ্রিল রাতে সদরের ফুলবাড়ী দক্ষিণপাড়ায় পূর্ব শত্রুতার জেরে ফল ব্যবসায়ী রবিনকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত রবিন শহরের উত্তর চেলোপাড়া এলাকার মিরাজের ছেলে। এ ঘটনায় ২১ জনের বিরুদ্ধে সদর থানায় হত্যা মামলা দায়ের করা হয়। সেই মামলায় পাঁচজন এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব।



