মিয়ানমারের পাচারের জন্য মজুদ ৩৯৫ লিটার অকটেন ও ২৪ বস্তা সার উদ্ধার
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ১১ এপ্রিল ২০২৬, ০৪:১০ পিএম
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দ্যেশে মজুদকৃত ৩৯৫ লিটার অকটেন ও ২৪ বস্তা সার জব্দ করেছে বিজিবি।
শনিবার ভোররাত থেকে সকাল ৬ টা পর্যন্ত নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি সীমান্তে পৃথক এ অভিযান চালানো হয়েছে বলে জানান, বিজিবির নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুল কবির।
তবে পাচারকারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
লে. কর্নেল ফয়জুল কবির বলেন, শনিবার ভোররাতে নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি নামক এলাকায় সীমান্তের চোরাইপথে পাচারের উদ্দ্যেশে জনৈক ব্যক্তির গোপনা আস্তানায় কিছু পরিমান জ্বালানী তেল মজুদের খবর পায় বিজিবি। পরে বিজিবির একটি দল সেখানে অভিযান চালায়। এতে বসত ঘরটি ঘিরে ফেললে বিজিবির সদস্যদের উপস্থিতি টের পেয়ে সন্দেহজনক ৩/৪ জন লোক রাতের অন্ধকারে কৌশলে পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি।
পরে বসত ঘরটি তল্লাশী চালিয়ে বিশেষভাবে মজুদ রাখা অবস্থায় ৩৯৫ লিটার অকটেন পাওয়া যায় বলে জানান তিনি।
এদিকে শনিবার সকালে সোনাইছড়ি ইউনিয়নের টাইম বাজার এলাকায় একটি ঝুপড়ি ঘরে পাচারের উদ্দ্যেশে মজুদ করা ২০ বস্তা ইউরিয়া সার ও ৪ বস্তা টিএসপি সার জব্দ করা সম্ভব হলেও পাচারকারিরা পালিয়ে যেতে সক্ষম হয় বলে জানান, লে. কর্নেল ফয়জুল কবির।
তিনি জানান, বিজিবি সীমান্ত এলাকায় অবৈধভাবে জ্বালানি তেল মজুদ, পাচার, কালোবাজারি এবং সকল প্রকার চোরাচালান প্রতিরোধে অভিযান জোরদার করা হয়েছে। সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি কঠোর নজরদারি অব্যাহত রেখেছে।



