Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ফল ব্যবসায়ীকে হত্যা: চট্রগ্রাম থেকে পাঁচ আসামি গ্রেপ্তার

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পিএম

বগুড়ায় ফল ব্যবসায়ীকে হত্যা: চট্রগ্রাম থেকে পাঁচ আসামি গ্রেপ্তার

বগুড়ার সদর উপজেলায় ফল বিক্রেতা রবিন হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। মঙ্গলবার রাতে চট্টগ্রাম মহানগরের পৃথক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আরিফ (৩২), নিবির হোসেন (২৩), শামীম (২৫), রবিন (২৭) ও রুমা আক্তার (২৮)। তাঁদের সবার বাড়ি বগুড়া সদর উপজেলার ফুলবাড়ি দক্ষিণ বানিয়াপাড়া এলাকায়।

র‍্যাব জানায়, গত রোববার সন্ধ্যায় বগুড়া শহরের ফুলবাড়ি বানিয়াপাড়া এলাকায় একটি কবরস্থানের গাছের ফল খাওয়া নিয়ে রবিন হোসেনের সঙ্গে কয়েকজনের বিরোধ হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে মীমাংসার কথা বলে তাঁকে একটি জঙ্গলে ডেকে নেওয়া হয়। সেখানে চাইনিজ কুড়াল, হকিস্টিক ও লাঠি দিয়ে তাঁকে মারধর ও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

স্থানীয় লোকজন উদ্ধার করে তাঁকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় মঙ্গলবার বগুড়া সদর থানায় হত্যা মামলা করা হয়। নিহত রবিন হোসেনের বিরুদ্ধে চারটি মামলা ছিল বলে জানিয়েছে পুলিশ।

র‍্যাব-১২ বগুড়া জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার পলাতক আসামিরা চট্টগ্রাম মহানগরের বিভিন্ন এলাকায় অবস্থান করছেন। এর পরিপ্রেক্ষিতে র‍্যাব-৭ ও র‍্যাব-১২ বগুড়ার এর যৌথ দল মঙ্গলবার রাত আটটার দিকে পতেঙ্গা থানার সি-বিচ এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। পরে একই রাতে ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় অভিযান চালিয়ে রুমা আক্তারকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন