Logo
Logo
×

সারাদেশ

বেপরোয়া বাসের ধাক্কায় আহত শিশু রিফার ৭ দিন পর মৃত্যু

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ০৮ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পিএম

বেপরোয়া বাসের ধাক্কায় আহত শিশু রিফার ৭ দিন পর মৃত্যু

বগুড়ার শেরপুরে বেপরোয়া বাসের ধাক্কায় গুরুতর আহত হওয়ার সাতদিন পর অবশেষে মৃত্যুর কাছে হার মানলো দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রী। নিহত ইসরাত জাহান রিফা (১০) বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

নিহত রিফা বগুড়ার শেরপুর উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের বেটখৈর গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডলের মেয়ে এবং সীমাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে স্কুল ছুটি শেষে হেঁটে বাড়ি ফিরছিল রিফা। এ সময় সীমাবাড়ী বাজার এলাকায় মহাসড়কের আন্ডারপাস পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস রং সাইড দিয়ে এসে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

সীমাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাদেকুল ইসলাম জানান, দুর্ঘটনায় রিফার মাথায় গুরুতর আঘাত লাগে। উন্নত চিকিৎসার জন্য তাকে আইসিইউতে রাখা হয়েছিল। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়, যা কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এভাবে সড়ক দুর্ঘটনায় একজন শিক্ষার্থীর প্রাণহানি অত্যন্ত দুঃখজনক।”

নিহতের প্রতিবেশী ও বিদ্যালয়ের নৈশপ্রহরী-কাম-দপ্তরী মো. রবিউল ইসলাম জানান, রিফা নানার বাড়ি ররোয়া গ্রাম থেকে স্কুলে পড়াশোনা করত। তার মা সায়েফা একজন গার্মেন্টস কর্মী। দুই ভাইবোনের মধ্যে রিফাই ছিল বড়। বর্তমানে তার মরদেহ নিতে পরিবারের সদস্যরা হাসপাতালে অবস্থান করছেন।

এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. রইচ উদ্দিন বলেন, মৃত্যুর বিষয়টি তিনি জেনেছেন। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন