Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় টাকা ও স্বর্ণ লুটের চেষ্টায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ১

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পিএম

বগুড়ায় টাকা ও স্বর্ণ লুটের চেষ্টায় অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তাকে হত্যা, গ্রেপ্তার ১

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় টাকা ও স্বর্ণালঙ্কার লুটের উদ্দেশ্যে এক বৃদ্ধাকে হত্যার ঘটনায় এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার ভোরে উপজেলার ময়দানহাট্টা ইউনিয়নের কুপা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি মোছা. সুলতানা বেগম (৪৭)। এ ঘটনায় তাঁর ছেলে রোহান রহমান সিয়াম (৩০) পলাতক রয়েছেন।

সোমবার সন্ধ্যায় শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহীনুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

গত ৪ এপ্রিল সন্ধ্যায় উপজেলার মহব্বত নন্দীপুর গ্রামে নিজ বাড়ির শয়নকক্ষে খুন হন শাহানাজ বেগম (৭১)। তিনি অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা ছিলেন।

ওসি শাহীনুজ্জামান বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তার সুলতানা বেগম ও তাঁর ছেলে রোহান রহমান সিয়াম আর্থিক সংকটে পড়ে পরিকল্পিতভাবে প্রতারণা ও লুটের পথ বেছে নেয়। তারা সাধারণত যেসব বাড়িতে পুরুষ সদস্য কম থাকে, সেসব বাড়ি টার্গেট করত। ওই বাড়ির নারীদের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলে সুযোগ বুঝে টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার চেষ্টা করত।

তিনি আরও বলেন, ঘটনার দিন তারা আত্মীয় পরিচয়ে শাহানাজ বেগমের বাড়িতে প্রবেশ করে। একপর্যায়ে তাঁকে টাকা ধার দিতে বললে তিনি অস্বীকৃতি জানান। এতে তারা ক্ষিপ্ত হয়ে তাঁকে জিম্মি করে জোরপূর্বক টাকা ও স্বর্ণালঙ্কার নেওয়ার চেষ্টা করে। বাধা দিলে তাঁর মুখ বেঁধে ফেলে এবং ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করে হত্যা করে।

ওসি বলেন, হত্যার সময় পাশের কক্ষে থাকা পুত্রবধূ বিষয়টি টের পেয়ে বাইরে থেকে দরজা আটকানো অবস্থায় দেখতে পান। পরে জানালা দিয়ে প্রতিবেশীদের ডাকলে অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা শাহানাজ বেগমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ওসি শাহীনুজ্জামান বলেন, এই হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য ছিল টাকা ও স্বর্ণালঙ্কার লুট। আমরা দ্রুত একজনকে গ্রেপ্তার করতে পেরেছি। পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন