পিকআপভ্যান-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল ২ বন্ধুর
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ পিএম
কক্সবাজার সদরের খরুলিয়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছে অপর বন্ধু।
শনিবার (০৪ এপ্রিল) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের খরুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ পরিদর্শক মো. নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- মো. রিসান (১৯) ও মো. আরাফাত (২১)। এদের মধ্যে সানি কক্সবাজার সদরের ঝিলংজা ইউনিয়নের মুক্তারকুল এলাকার এবং আরাফাত একই ইউনিয়নের দরগা এলাকার বাসিন্দা। ঘটনায় আহত মো. সানি (১৯) একই ইউনিয়নের মুক্তারকুল এলাকার বাসিন্দা।
রামু হাইওয়ে ক্রসিং থানার ইনচার্জ পরিদর্শক মো. নাছির উদ্দিন বলেন, দুপুরে ঝিলংজা ইউনিয়নের দরগা এলাকা থেকে তিন বন্ধু মিলে মোটরসাইকেলে বাংলাবাজার স্টেশন যাচ্ছিলেন। পথিমধ্যে খরুলিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা পিকআপের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গেলে তিনজনই আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। আহত যুবকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।
তিনি আরও বলেন, ঘটনার পরপরই দ্রুত চালিয়ে দুর্ঘটনাকবলিত পিকআপচালক পালিয়ে গেলেও মোটরসাইকেল পুলিশ জব্দ করেছে। নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।



