Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় গরু চুরি চক্রের সর্দারসহ ৫ জন গ্রেপ্তার, ট্রাক উদ্ধার

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পিএম

বগুড়ায় গরু চুরি চক্রের সর্দারসহ ৫ জন গ্রেপ্তার, ট্রাক উদ্ধার

ছবি : সংগৃহীত

বগুড়ায় পৃথক পাঁচটি অভিযানে আন্তঃজেলা গরু চুরি চক্রের সর্দারসহ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাকও উদ্ধার করা হয়েছে।

শুক্রবার বেলা তিনটার দিকে  র‌্যাব-১২, সিপিএসসি বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ এলাকার তারাজুল ইসলাম (৩০), বগুড়ার শিবগঞ্জ উপজেলার পশ্চিম জাহাঙ্গীরাবাদ (নয়াপাড়া) এলাকার সজল মণ্ডল (৩৯), বগুড়ার শিবগঞ্জ উপজেলার জীবনপুর দক্ষিণ পাড়া এলাকার সজিব মিয়া ওরফে টাইগার (৩০), গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফুলপুকুরিয়া এলাকার শরিফুল (২৬) এবং বগুড়ার সোনাতলা উপজেলার কুশারঘোপ এলাকার বাসিন্দা ও বর্তমানে রাজশাহী মহানগরের আসাম কলোনি এলাকার বাসিন্দা চক্রের সর্দার জসিম উদ্দিন জুয়েল (৩৩)। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদক সংক্রান্ত মামলাও আছে।

র‌্যাব কর্মকর্তা ফিরোজ আহমেদ জানান,  গত ৭ ফেব্রুয়ারি রাতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের একটি গরুর খামার থেকে পাঁচটি ষাঁড় গরু চুরি হয়। খামারের মালিক সিসিটিভি ফুটেজ দেখে চুরির ঘটনা শনাক্ত করে মামলা করেন। চুরি হওয়া গরুগুলোর আনুমানিক মূল্য ১৬ লাখ টাকা। মামলার তদন্তে জানা যায়, একটি সংঘবদ্ধ চক্র বগুড়া, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জসহ বিভিন্ন এলাকায় সক্রিয়। তারা রাতে দলবদ্ধভাবে গরু চুরি করে ট্রাকে তুলে বিক্রি করত।

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বগুড়ার শিবগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে প্রথমে তারাজুল ইসলাম ও সজল মণ্ডলকে চুরির প্রস্তুতিকালে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী আরও অভিযান চালিয়ে সজিব মিয়া ও শরিফুলকে গ্রেপ্তার করা হয়।

এরপর যৌথ অভিযানে র‌্যাব-১২ ও র‌্যাব-৫ সদস্যরা তানোর এলাকায় অভিযান চালিয়ে চক্রের সর্দার জসিম উদ্দিন জুয়েলকে গ্রেপ্তার করেন। এ সময় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

ফিরোজ আহমেদ বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জসিম উদ্দিন জুয়েলকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানায় এবং বাকি চারজনকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন