ফুলজোড় নদীর দূষণ তদন্তে পরিবেশ মন্ত্রণালয়ের কমিটি
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৫:৪২ পিএম
বগুড়ার শেরপুর উপজেলার গুরুত্বপূর্ণ জলাধার ফুলজোড় নদীর দূষণ নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষিতে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি সরেজমিন তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে।
তদন্তের অংশ হিসেবে কমিটির সদস্যরা ফুলজোড় নদীর বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং নদীর পানির বর্তমান অবস্থা সরাসরি পর্যবেক্ষণ করেন। একইসঙ্গে নদী দূষণের অভিযোগে অভিযুক্ত শিল্পপ্রতিষ্ঠান এস আর কেমিক্যালস এবং মজুমদার প্রোডাক্টস লিমিটেড পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে প্রতিষ্ঠান দুটির Effluent Treatment Plant (ETP) বা বর্জ্য পরিশোধনাগারসহ সংশ্লিষ্ট অবকাঠামো ঘুরে দেখেন কমিটির সদস্যরা। বর্জ্য ব্যবস্থাপনার কার্যকারিতা, নির্গত তরল বর্জ্যের মান এবং তা পরিবেশগত মানদণ্ড অনুসরণ করছে কি না—এসব বিষয় খতিয়ে দেখা হয়।
এই তদন্ত ও পরিদর্শন কার্যক্রমে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা নদী দূষণের উৎস, সম্ভাব্য পরিবেশগত ক্ষতি এবং তা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে প্রাথমিক তথ্য সংগ্রহ করেন।
পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পরবর্তী সময়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। একইসঙ্গে নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে কঠোরভাবে পরিবেশ আইন মেনে চলার নির্দেশনা দেওয়া হতে পারে।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে শিল্পবর্জ্যের কারণে ফুলজোড় নদীর পানি দূষিত হয়ে আসছে, যা জনস্বাস্থ্য ও জীববৈচিত্র্যের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় মন্ত্রণালয়ের এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন সচেতন মহল।



