Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে আহত

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৭ এএম

বগুড়ায় মৎস্যজীবী লীগ নেতাকে কুপিয়ে আহত

বগুড়ার শাজাহানপুরে মৎস্যজীবী লীগের এক নেতাকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। বুধবার (০১ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চকলোকমান এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ইলিয়াছ শাহ (৩৬) বগুড়া জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি বগুড়া শহরের চকলোকমান এলাকার বাসিন্দা ও আব্দুল লতিফ শাহর ছেলে। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির কাছে চকলোকমান মহিলা মাদ্রাসার পাশে একটি চায়ের দোকানে বসেছিলেন ইলিয়াছ শাহ। এ সময় দুটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত অতর্কিতভাবে তাঁর ওপর হামলা চালায়।

প্রাণ বাঁচাতে ইলিয়াছ পাশের একটি পুকুরে ঝাঁপ দেন। সেখানেও হামলাকারীরা তাঁকে দা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। তাঁর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

কৈগাড়ী পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক আবু সুফিয়ান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলাকারীদের পরিচয় শনাক্ত করা গেছে। তাঁদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন