জাতীয় পতাকায় মোড়ানো শেষ যাত্রা, বিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:০৫ পিএম
কুড়িগ্রামের উলিপুর উপজেলায় বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সেনা সদস্য আব্দুল আজিজ সরকারকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের গোড়াই রঘুরায় (ঝাকুয়া পাড়া) গ্রামের নিজ এলাকায় এ দাফন সম্পন্ন হয়।
এর আগে মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাঁকে দ্রুত কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, কয়েক দিন আগে একটি সড়ক দুর্ঘটনায় আহত হয়ে তিনি রংপুর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ চিকিৎসা নিয়েছিলেন। পরে কিছুটা সুস্থ হয়ে বাড়িতে ফিরলেও পুনরায় অসুস্থ হয়ে পড়েন এবং শেষ পর্যন্ত মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর। তিনি স্ত্রী, এক কন্যা, তিন পুত্র, নাতি-নাতনি এবং অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দাফনের আগে তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। জাতীয় পতাকায় মোড়ানো কফিনে ফুলেল শ্রদ্ধা নিবেদন, এক মিনিট নীরবতা পালন এবং বিউগল বাজানোর মাধ্যমে শেষ সম্মান জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন উলিপুর উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা এস এম মেহেদী হাসান, পুলিশ পরিদর্শক (তদন্ত) কমল কিশোর ঘোষ, এএসআই রফিকসহ উলিপুর থানার অন্যান্য পুলিশ সদস্যরা।
এছাড়া দুর্গাপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. মশিউর রহমান, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে গোড়াই উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।



