কটিয়াদীতে জমির বিরোধে নারীসহ একই পরিবারের ৩ জনকে কুপিয়ে জখম
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ৩০ মার্চ ২০২৬, ০৭:৪৩ পিএম
কিশোরগঞ্জের কটিয়াদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে একই পরিবারের নারীসহ তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষ। এর মধ্যে দুইজন নারী রয়েছেন।
এ ঘটনায় গতকাল রবিবার (২৯ মার্চ) ভুক্তভোগী মো. রফিকুল ইসলাম বাদি হয়ে আটজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪/৫ জনকে অভিযুক্ত করে কটিয়াদী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এর আগে গত শনিবার বিকেলে উপজেলার চান্দপুর ইউনিয়নের কুড়েরপাড় গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন— একই এলাকার হোসনে আরা (৪৫) মেয়ে স্বর্ণা আক্তার (২০) ও ছেলে তরিকুল ইসলাম (২০)। আহতদের কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়, চান্দপুর কুড়েরপাড় গ্রামের গেদু মিয়ার বসতবাড়িতে জমিসংক্রান্ত পূর্ব বিরোধের জেরে তাদের নিকটাত্মীয় নুর ইসলাম, তাজুল ইসলাম, দ্বীন ইসলাম, আল আমীন গং-এর নেতৃত্বে হঠাৎ বাড়িতে ঢুকে প্রথমে পরিবারের সদস্যদের সঙ্গে তর্কে লিপ্ত হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে অভিযুক্তরা ধারালো অস্ত্র দিয়ে গেদু মিয়ার বাড়ির হোসনে আরার ওপর হামলা চালায়, তখন ভুক্তভোগীর ডাক-চিৎকারে তার মেয়ে স্বর্ণা আক্তার, সুবর্ণা আক্তার, তমা আক্তার ও ছেলে তরিকুল ইসলাম এগিয়ে গেলে তাদেরও দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে রক্তাক্ত জখম করা হয়।
পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে প্রথমে তাদের কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মা হোসনে আরা, মেয়ে স্বর্ণা আক্তার ও ছেলে তরিকুল ইসলামকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার্ড করে। এছাড়াও বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বাদী রফিকুল ইসলাম বলেন, ঘটনার পর থেকে প্রতিপক্ষের লোকজন আমাদের ক্রমাগত হুমকি দিচ্ছে। আমাদের পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযোগ তুলে নিতে ভয়ভীতি দেখানো হচ্ছে। আমরা সঠিক বিচার চাই।
এ বিষয়ে অভিযুক্ত নুর ইসলাম বলেন, নিজেদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কথা বলতে গেলে তারাই তর্কে জড়ায়। উল্টো আমাদের ওপর হামলা চালিয়েছে। এখন আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে এ ধরনের কাজ করে আসছে।
কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জমিসংক্রান্ত বিরোধ নিয়ে একই পরিবারের তিনজনের ওপর হামলার ঘটনায় অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত সাপেক্ষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।



