Logo
Logo
×

সারাদেশ

নরসিংদীতে অব্যবস্থাপনা ও অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে হাসপাতাল সিলগালা, জরিমানা

Icon

নরসিংদী প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৭:৫০ পিএম

নরসিংদীতে অব্যবস্থাপনা ও অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে হাসপাতাল সিলগালা, জরিমানা

নরসিংদীতে স্বাস্থ্য খাতে বিভিন্ন অব্যবস্থাপনা ও অনুমোদনহীন কার্যক্রমের অভিযোগে দুটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়েছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। অভিযানে একটি হাসপাতাল সিলগালা এবং আরেকটিকে জরিমানা করা হয়েছে। 

শনিবার (২৮ মার্চ) দুপুরে শহরের তরোয়া এলাকার নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতাল এবং নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতালে এ অভিযান পরিচালনা করা হয়। 

জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানার নেতৃত্বে পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়া যায়। এসময় জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে দেখা যায়, নরসিংদী ইবনে সিনা জেনারেল প্রাইভেট হাসপাতাল ২০১৮ সালের পর থেকে তাদের লাইসেন্স নবায়ন করেনি। এছাড়া হাসপাতালে ডিউটিরত কোনো ডাক্তার, প্যাথলজিস্ট ও টেকনিশিয়ান পাওয়া যায়নি এবং হাসপাতালের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সাত দিনের মধ্যে সব অনিয়ম সংশোধন করে কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে। 

অপর দিকে নরসিংদী ল্যাব এইড জেনারেল প্রাইভেট হাসপাতালে অভিযান চালালে সেখানে কোনো দায়িত্বশীল কর্মকর্তা বা কর্মচারীকে পাওয়া যায়নি। ভ্রাম্যমাণ আদালত জানায়, অভিযানের খবর পেয়ে তারা পালিয়ে যায়। সেখানে দেখা যায়, হাসপাতালটির লাইসেন্স নবায়ন নেই এবং ল্যাব পরিচালনারও কোনো অনুমোদন নেই। 

এছাড়া অপারেশন থিয়েটার অপরিচ্ছন্ন ও পরিচালনার অনুপযুক্ত অবস্থায় ছিল। লেবার রুমে অক্সিজেন সিলিন্ডার না থাকা এবং বেড অকেজো থাকার মতো গুরুতর অনিয়মও ধরা পড়ে। এসব কারণে হাসপাতালটি সিলগালা করে দেওয়া হয় এবং ল্যাব রুমের বিভিন্ন মালামাল জব্দ করা হয়।

এ ব্যাপারে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বলেন, মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ও জেলা প্রশাসকের নির্দেশনায় রোগীদের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে আমরা আকস্মিক অভিযান পরিচালনা করেছি। এতে দুইটি হাসপাতালে বিভিন্ন অব্যবস্থাপনা ও অনিয়ম দেখতে পেয়েছি। আমরা সাথে সাথে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। যেসব হাসপাতাল অনুমোদন ছাড়া বা নিয়ম না মেনে পরিচালিত হচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন