হাটহাজারীতে নিখোঁজের দুদিন পর শিশুর মরদেহ উদ্ধার
চট্টগ্রাম (হাটহাজারী) প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৬, ০৭:১৮ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে নিখোঁজের দুদিন পর আরেফিন আকতার (১১) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২৮ মার্চ) দুপুরে হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার বনফুলের পেছনে তুলা ফ্যাক্টরি থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, গত দুদিন আগে আরেফিন আকতার দুপুর ১২টার দিকে বাসা থেকে বের হয়ে আর বাড়ি ফিরেনি। পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে হাটহাজারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ ও স্থানীয়রা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালায়।
শনিবার দুপুর ২টার দিকে আমান বাজার বনফুলের পেছনে তুলা ফ্যাক্টরিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা প্রবেশ করে ৩/৪টি তুলার বস্তা দিয়ে ডেকে রাখা লাশ দেখতে পান। পরে পুলিশকে অবহিত করলে ঘটনাস্থলে গিয়ে শিশুটির মরদেহ উদ্ধার করে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
শিশুটির পরিবারের দাবি, শিশু আরেফিন আকতার নিখোঁজ হওয়ার পরে তার কথিত মামা ফয়সাল নিজেও খোঁজ করেন। কিন্তু তারপর সে (ফয়সাল) পালিয়ে যায়। ফয়সাল ধর্ষণের পর শিশুটিকে হত্যা করেছে।
হাটহাজারী মডেল থানার ওসি মো. জাহিদুর রহমান বলেন, এ ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।



