Logo
Logo
×

সারাদেশ

কুস্তি খেলার মাঠেই প্রাণ গেল খেলোয়াড়ের

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ০২:২৭ পিএম

কুস্তি খেলার মাঠেই প্রাণ গেল খেলোয়াড়ের

কুমিল্লার লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মঞ্চে অসুস্থ হয়ে হেলাল উদ্দিন (৫০) নামের এক খেলোয়াড়ের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৫ মার্চ) রাত ১০টার দিকে লালমাই উপজেলার মোহনপুর আলিম মাদরাসা সংলগ্ন মাঠে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত কুস্তি খেলোয়াড় হেলাল উদ্দিন মজুমদার জেলার লাকসাম উপজেলার বাকই দক্ষিণ ইউনিয়নের কোঁয়ার গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে।

হেলাল উদ্দিন স্থানীয় কোঁয়ার বাজারে একটি মুদিদোকান পরিচালনা করতেন এবং এলাকায় ‘বলী হেলাল’ নামে পরিচিত একজন কুস্তিগির ছিলেন।

স্থানীয়রা জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মোহনপুর গ্রামের যুবসমাজ ও প্রবাসীদের উদ্যোগে এ কুস্তি টুর্নামেন্টের আয়োজন করা হয়। সোমবার শুরু হওয়া এ প্রতিযোগিতার উদ্বোধন করেন বাকই উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন। ঘটনার সময় মাঠে শতাধিক দর্শক উপস্থিত ছিলেন।

প্রতিদ্বন্দ্বী খেলোয়াড়ের সঙ্গে কুস্তি লড়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হেলাল উদ্দিন। একপর্যায়ে তার শরীর নিস্তেজ হয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে রেফারি খেলা থামিয়ে দেন এবং আয়োজকরা দ্রুত মাঠে ছুটে আসেন। এ সময় মাঠেই তার মৃত্যু হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, খেলার শুরুতেই প্রতিপক্ষ খেলোয়াড় হেলাল উদ্দিনকে কৌশলে মাটিতে ফেলে দেন এবং একটি পা ধরে টেনে নিয়ে যান। ঠিক সেই মুহূর্তেই নিস্তেজ হয়ে পড়েন হেলাল, যা উপস্থিত সবার নজরে আসে।

লালমাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ভিডিও ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই হেলাল উদ্দিনের মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন