সিণ্ডিকেট-মববাজির মাধ্যমে ব্যবসায়ীকে দেশ ছাড়তে বাধ্য করা ভালো লক্ষণ নয়: হাফিজুর রহমান
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:১৩ পিএম
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, সিণ্ডিকেট এবং মববাজির মাধ্যমে ব্যবসায়ীকে দেশ ছাড়তে বাধ্য করা ভালো লক্ষণ নয়।
তিনি আজ ২৫ মার্চ বুধবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভার উদ্যোগে আয়োজিত এক ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
সরকারি দলের লোক এবং প্রধান মন্ত্রী তারেক রহমানের ঘনিষ্টজন পরিচয় দিয়ে রাজধানীর মগবাজার বিশাল সেন্টারে সন্ত্রাস সৃষ্টি করে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার পর সেই ব্যবসায়ী দেশ ছাড়তে বাধ্য হয়েছেন। ভিকটিমকে পুলিশের সহায়তা দানের পরিবর্তে পুলিশ আক্রমণকারীর পক্ষ অবলম্বন করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। ব্যবসায়ের সুষ্ঠু পরিবেশ এবং আইনের শাসন প্রতিষ্ঠায় এদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী আমলে শেখ হাসিনার কাছের লোকেরা দেশটাকে নিজেদের সম্পদ মনে করতো, এখন কেউ যদি নিজেকে তারেক রহমানের কাছের লোক মনে করে একই কাজ করে তবে তাদেরকে জুলাই বিপ্লবের দৃশ্যপট সামনে রাখা উচিৎ। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে টালবাহানা না করে অতি দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
কাঞ্চন পৌরসভার আমীর আমজাদ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইন, রূপগঞ্জ উত্তর থানা আমীর মাহফুজুল ইসলাম আবদুল মজিদ প্রমূখ।



