Logo
Logo
×

সারাদেশ

বগুড়ার শেরপুরে গভীর রাতে পিকআপ দুর্ঘটনা, নারী বিজ্ঞানীসহ আহত ৩

Icon

শেরপুর (বগুড়া) প্রতিবেদক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৬, ১১:৩১ এএম

বগুড়ার শেরপুরে গভীর রাতে পিকআপ দুর্ঘটনা, নারী বিজ্ঞানীসহ আহত ৩

বগুড়ার শেরপুরে ঢাকা–বগুড়া মহাসড়কে গভীর রাতে একটি সড়ক দুর্ঘটনায় নারী বিজ্ঞানীসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে শেরপুর থানাধীন ছোনকা বাজার এলাকার আন্ডারপাস ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ঢাকা মেট্রো-ন ১১-৯৩০৫ রেজিস্ট্রেশন নম্বরধারী একটি পিকআপ ভ্যান ঢাকাগামী লেনে চলার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ডিভাইডারের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে গাড়িটির কেবিন মারাত্মকভাবে দুমড়ে-মুচড়ে যায়।

দুর্ঘটনায় পিকআপে থাকা মনোয়ারা (৫৫) ও তাহমিমা বিনতে জামান মৌ (৩৪) গুরুতর আহত হন। এছাড়াও মিরাজ (৩২) নামের আরও একজন যাত্রী আহত হন। 

খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশের টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে এবং ফায়ার সার্ভিসকে অবহিত করে। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের উদ্ধার করে তিনজনকেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনাকবলিত পিকআপটি ইতোমধ্যে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, আহত তাহমিমা বিনতে জামান মৌ বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের একজন বৈজ্ঞানিক কর্মকর্তা বলে জানা গেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন