বগুড়ায় বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় নারী নিহত
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ২২ মার্চ ২০২৬, ১২:৫৮ এএম
বগুড়ার আদমদীঘিতে বোনের বাড়িতে ঈদ করতে এসে প্রতিপক্ষের হামলায় উম্মে হাবিবা উর্মি (৩২) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের বোন, বোনের স্বামী ও দুই সন্তানসহ আরও অন্তত চার জন গুরুতর আহত হয়েছেন।
ঘটনা শুক্রবার (২০ জানুয়ারি) রাতে উপজেলার উজ্জ্বলতা গ্রামে ঘটে। শনিবার নিহতের বড় বোন মোছা: উম্মে হাফিজা বাদী হয়ে প্রতিবেশী কহির ফকির ও সিরাজুল ইসলামসহ ১৩ জনের নাম উল্লেখ করে আদমদীঘি থানায় মামলা দায়ের করেছেন।
নিহত উম্মে হাবিবা উর্মি নওগাঁর রানীনগর উপজেলার ভেবরা গ্রামের বাসিন্দা। সম্প্রতি তিনি ঈদ উদযাপনের জন্য তার বোনের বাড়িতে এসেছিলেন।
আদমদীঘি থানার এজাহার সূত্রে জানা গেছে, উম্মে হাফিজার সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলছিল। গত বছরের ৪ সেপ্টেম্বরও বিবাদী পক্ষ হাফিজা ও তার ছেলেকে মারধর করলে থানায় মামলা দায়ের করা হয়, যা বর্তমানে আদালতে বিচারাধীন।
হামলার দিন সন্ধ্যায় কেনাকাটার জন্য হাফিজা ও উর্মি আদমদীঘিতে গেলে অভিযুক্তরা রামদা, কুড়াল, শাবল ও লোহার রড নিয়ে তাদের ওপর হামলা চালায়। প্রথমে হাফিজার স্বামী ফয়সাল ইসলাম লিটনের মাথায় কুড়াল দিয়ে আঘাত করা হয়। পরে হাফিজা, তার দুই সন্তান ও উর্মি তাদের রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীরা এলোপাতাড়ি কোপাতে থাকে। স্থানীয় একজনের বাড়িতে আশ্রয় নিলেও উর্মির মৃত্যু হয়।
উম্মে হাফিজা বলেন, আমার ছোট বোন স্বামীবিহীন অবস্থায় আমাদের বাড়িতে এসেছিল। কেনাকাটার সময়ই হামলা চালানো হয়। আমার স্বামী বর্তমানে হাসপাতালে ভর্তি।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে, তবে এখনও কেউ গ্রেপ্তার হয়নি।



