Logo
Logo
×

সারাদেশ

সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: ৭ বগি উদ্ধার, দুপুরের মধ্যে চালু হতে পারে ট্রেন চলাচল

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৬, ১২:৩০ পিএম

সান্তাহারে ট্রেন দুর্ঘটনা: ৭ বগি উদ্ধার, দুপুরের মধ্যে চালু হতে পারে ট্রেন চলাচল

বগুড়ার সান্তাহারে লাইনচ্যুত নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগির মধ্যে এখন পর্যন্ত ৭টি উদ্ধার করা হয়েছে। বাকি দুইটি বগি উদ্ধারে জোর তৎপরতা চলছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজও অব্যাহত রয়েছে।

সকাল সাড়ে ৯টায় স্টেশন মাস্টার খাদিজা বেগম জানান, বৃহস্পতিবার (১৯ মার্চ)  দুপুরের মধ্যে ট্রেন চলাচল আংশিকভাবে চালু করা সম্ভব হতে পারে। তবে ঈশ্বরদী-পার্বতীপুর রুটে পুরোপুরি স্বাভাবিক হতে আরও ৪ থেকে ৫ ঘণ্টা সময় লাগতে পারে।

দুর্ঘটনার কারণে উত্তরাঞ্চলের এই গুরুত্বপূর্ণ রুটে সরাসরি ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ফলে বিকল্প ব্যবস্থায় ট্রেনগুলো দুর্ঘটনাস্থলের আগে যাত্রী নামিয়ে দিচ্ছে। যাত্রীরা হেঁটে দুর্ঘটনাকবলিত স্থান পার হয়ে অন্য একটি ট্রেনে উঠে গন্তব্যে পৌঁছাচ্ছেন, যা ঈদযাত্রায় ভোগান্তি আরও বাড়িয়েছে।

এর আগে বুধবার বগুড়ার সান্তাহারের ডাকবাড়ি এলাকায় চিলাহাটিগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হন।

দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজ শুরু করেন। পরে রেলওয়ে কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যোগ দেয়। বুধবার সন্ধ্যা থেকে দুটি উদ্ধারকারী দলের প্রায় ৪০০ জন কর্মী একযোগে লাইনচ্যুত বগি উদ্ধার ও রেললাইন সংস্কারের কাজ চালিয়ে যাচ্ছেন।

কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছে, দ্রুত বাকি বগি উদ্ধার সম্পন্ন করা গেলে অল্প সময়ের মধ্যেই ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক করা সম্ভব হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন