Logo
Logo
×

সারাদেশ

ঈদে ঘরমুখো মানুষের চাপ, গাজীপুর মহাসড়কে যানজট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ০৩:২৮ পিএম

ঈদে ঘরমুখো মানুষের চাপ, গাজীপুর মহাসড়কে যানজট

ছবি : সংগৃহীত

প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে গাজীপুরের দুই মহাসড়কে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহনের চাপ থাকলেও যানজট হয়নি। তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা বাস টার্মিনালের আশপাশের প্রায় ১২ কিলোমিটার এলাকায় থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরের পর গাজীপুরের প্রায় ৪০ শতাংশ কারখানা ছুটি হবে। এরপর যাত্রীদের চাপ কয়েকগুণ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। বর্তমানে সফিপুর থেকে চন্দ্রা টার্মিনাল এবং চন্দ্রা-নবীনগর সড়কের বাড়ইপাড়া থেকে চন্দ্রা পর্যন্ত যানজট দেখা দিয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকলেও যাত্রী ও যানবাহনের চাপের কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠছে।

মহাসড়ক ঘেঁষা কারখানাগুলোর সামনে বাস দাঁড় করিয়ে রাখাও যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। সরেজমিনে দেখা গেছে, ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আসা অধিকাংশ বাস পূর্ণ যাত্রী নিয়ে আসছে। ফলে স্থানীয় যাত্রীদের তুলতে মহাসড়কের দুই পাশে অসংখ্য পরিবহণ দাঁড় করানো হয়েছে, যেগুলোর অধিকাংশই কারখানা শ্রমিকদের জন্য আগে থেকেই রিজার্ভ করা।

কারখানা ও শিল্প পুলিশ সূত্রে জানা যায়, গাজীপুরে প্রায় ৫ হাজার শিল্পকারখানা রয়েছে। এবারের ছুটি ধাপে ধাপে দেওয়া হচ্ছে। মঙ্গলবার ২৫ শতাংশ কারখানা ছুটি দিয়েছে, আজ বুধবার আরও প্রায় দুই হাজার কারখানা ছুটি দেবে এবং বৃহস্পতিবার শেষ ধাপে ৮৩৩টি কারখানা ছুটি হবে। ফলে সময় বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রীদের চাপও বাড়ছে।

কোনাবাড়ী হাইওয়ে থানার ওসি সওগাতুল আলম জানান, গতকাল থেকে যাত্রীদের চাপ বেড়েছে। আজ দুপুরের পর চাপ আরও কয়েকগুণ বাড়বে। মহাসড়কের পাশে অসংখ্য গাড়ি শ্রমিকরা ভাড়া করে রেখেছেন, যা যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন