নরসিংদীতে পৃথক স্থান থেকে দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১৮ মার্চ ২০২৬, ১১:২৬ এএম
নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে একই গ্রামের দুই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে ঘোড়াশাল পৌরসভার বাগপাড়া এলাকায় তাদের নিজ নিজ বাড়ি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
নিহতরা হলো- শেখ শরিফ (২৭), তিনি বাগপাড়া গ্রামের বাশির উদ্দিন শেখের ছেলে এবং মুসান্না গালিব (২৮), একই গ্রামের আমিরুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মুসান্না গালিব তার বাড়িতে একাই থাকতেন এবং ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেন। মঙ্গলবার রাতে তার বাড়ি থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের ভেতর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু চার থেকে পাঁচ দিন আগে হয়েছে।
এর কিছু সময় পর একই গ্রামের শেখ শরিফের পরিবারের সদস্যরা তার কোনো সাড়া না পেয়ে ঘরে ঢুকে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে। শরিফ লেখাপড়া শেষ করে বাড়িতেই অবস্থান করছিলেন।
পলাশ থানার ওসি (তদন্ত) কুতুব উল আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুজনেই আত্মহত্যা করেছেন। তবে তাদের মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে তদন্ত চলছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



