Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় ১২শ পরিবারের ৭৭ লাখ টাকা নিয়ে সমিতি পরিচালকরা উধাও

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৯:৫৪ পিএম

বগুড়ায় ১২শ পরিবারের ৭৭ লাখ টাকা নিয়ে সমিতি পরিচালকরা উধাও

বগুড়া শহরের মালগ্রাম এলাকার নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অনেকেই সারা বছর সামান্য সামান্য করে টাকা জমিয়েছিলেন। লক্ষ্য ছিল আসন্ন ঈদে পরিবারের সঙ্গে কিছুটা স্বস্তি ও আনন্দ ভাগ করে নেওয়া। কিন্তু সেই প্রত্যাশা ভেঙে গেছে হঠাৎই। অভিযোগ উঠেছে, একটি সমবায় সমিতির তিন পরিচালক প্রায় ৭৭ লাখ টাকা নিয়ে আত্মগোপনে গেছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে নির্ধারিত দিনে মাংস নিতে এসে সদস্যরা জানতে পারেন, ‘ফোর স্টার বিজনেস সমবায় সমিতি’ নামের ওই প্রতিষ্ঠানের দায়িত্বশীলরা আর এলাকায় নেই। এতে ক্ষোভ ও হতাশায় ভেঙে পড়েছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের ভাষ্য, মালগ্রাম নতুনপাড়া এলাকায় আব্দুল হাকিম, আকরাম ও শাহিন নামে তিন ব্যক্তি এই সমিতি গড়ে তোলেন। ঈদ উপলক্ষে সঞ্চয় কর্মসূচিই ছিল তাদের প্রধান কার্যক্রম। কয়েকটি পাড়া মিলিয়ে প্রায় ১,২০০ পরিবার এতে যুক্ত ছিল। প্রতিটি সদস্যকে ৫ হাজার টাকা করে জমা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়।

সদস্যদের দাবি, চলতি বছর মোট জমার পরিমাণ দাঁড়ায় প্রায় ৭৭ লাখ টাকা। গত রোববার মাংস বিতরণের কথা থাকলেও তা হয়নি। পরে মঙ্গলবারকে চূড়ান্ত দিন নির্ধারণ করা হয়। কিন্তু সেদিনই পরিচালকদের খোঁজ পাওয়া যায়নি।

এ ঘটনায় সবচেয়ে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষজন। 

একটি কীটনাশক কারখানার কর্মী বাবলী আক্তার জানান, নিজের টাকার পাশাপাশি সহকর্মীদের ৪৪ জনের সঞ্চয়ও তিনি ওই সমিতিতে জমা দিয়েছিলেন। এখন সব টাকা হারিয়ে তিনি চরম অনিশ্চয়তায় পড়েছেন।

এলাকার বাসিন্দা পারুল বলেন, তাদের পাড়ার কয়েক শ মানুষ এই সঞ্চয় প্রকল্পে যুক্ত ছিলেন, শুধু ঈদের সময় কিছুটা স্বস্তির আশায়।

একইভাবে লালন মণ্ডলসহ আরও অনেকেই তাঁদের কষ্টার্জিত সঞ্চয় হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফা মঞ্জুর বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। ভুক্তভোগীদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন