বগুড়ায় পুকুরে গোসল করতে নেমে ফারজানা খাতুন (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর ১২টার দিকে আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ফারজানা খাতুন ওই গ্রামের রাজমিস্ত্রি ছামাদুল ইসলামের মেয়ে। সে মানসিক ভারসাম্যহীন ছিল।
প্রতিবেশী সাইদুল ইসলাম জানান, দুপুরের দিকে গ্রামের রায়হান নামে এক ব্যক্তির পুকুরে গোসল করতে নামে ফারজানা। একপর্যায়ে পানিতে ডুবে গিয়ে তলিয়ে যায়। পরে স্থানীয়রা খোঁজাখুঁজির পর পুকুরের তলদেশ থেকে তাকে উদ্ধার করে দ্রুত আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আদমদীঘি থানার ওসি আতাউর রহমান বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।



