Logo
Logo
×

সারাদেশ

টানা ১০ দিন ভোমরা স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মার্চ ২০২৬, ০৪:৫৬ পিএম

টানা ১০ দিন ভোমরা স্থলবন্দরে বন্ধ আমদানি-রপ্তানি

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে টানা ১০ দিনের ছুটিতে সাতক্ষীরার সম্ভাবনাময় ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময় সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।

বিপুল রাজস্ব আয়ের সম্ভাবনাময় এ স্থলবন্দরটি জেলা শহর থেকে মাত্র ১৭ কিলোমিটার দূরে অবস্থিত। এর বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা বন্দর এবং সেখান থেকে কলকাতার দূরত্ব মাত্র ৬০ কিলোমিটার হওয়ায় ভোমরা বন্দরকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডোর হিসেবে বিবেচনা করা হয়।

ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, সংগঠনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ পর্যন্ত সিএন্ডএফ কার্যক্রম চালু থাকবে। রমজান মাসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষ্যে ভোমরা কাস্টমস হাউসে সিএন্ডএফ কার্যক্রম সম্পূর্ণ বন্ধ থাকবে। ফলে এই সময় বাংলাদেশ-ভারত সীমান্ত দিয়ে কোনো পণ্যবাহী ট্রাক চলাচল করবে না। আগামী ২৮ মার্চ থেকে আবারও যথারীতি বন্দর কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি ছুটির কারণে এ সময় দুই দেশের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকবে।

অন্যদিকে ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি রাশেদুজ্জামান জানান, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। নিয়মিত প্রক্রিয়ায় পাসপোর্টধারীরা সীমান্ত অতিক্রম করতে পারবেন।

এদিকে ঈদের সরকারি ছুটির সময় বন্দর ও কাস্টমস হাউসের কিছু প্রশাসনিক কার্যক্রম সীমিত পরিসরে চালু থাকবে বলে জানিয়েছেন কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান।

সব মিলিয়ে কৌশলগত অবস্থানের কারণে গুরুত্বপূর্ণ ভোমরা স্থলবন্দরে ঈদ উপলক্ষ্যে বাণিজ্যিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ থাকলেও যাত্রী চলাচল স্বাভাবিক রাখার সিদ্ধান্ত সংশ্লিষ্টদের মধ্যে স্বস্তি সৃষ্টি করেছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন