প্রধানমন্ত্রী তারেক রহমান কথায় নয়, কাজে বিশ্বাসী : ড. মঈন খান
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০৭:২৮ পিএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, কৃষি প্রধান বাংলাদেশের কৃষিকে উর্বর করতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই কোদাল হাতে তুলে নিয়েছিলেন। তেমনি বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান কথায় নয়, কাজে বিশ্বাসী।
সোমবার (১৬ মার্চ) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার কাচিকাটা মির্জাপুর গ্রামের মহিষাখালী খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ড. আব্দুল মঈন খান বলেন, বর্তমান পৃথিবীতে পানির সরবরাহ-প্রবাহ ঠিক রাখতে না পারলে মানবসভ্যতা বিপদের সম্মুখীন হবে। সেই কথা বিবেচনায় রেখে প্রধানমন্ত্রী তার প্রতিশ্রুতি বাস্তবায়নে এক মাসের মাথায় এ কার্যক্রম হাতে নিয়েছেন। সেই সঙ্গে বিশ্ব স্বীকৃত আন্তঃনদী অধিকার থেকেও যাতে বঞ্চিত না হই সে বিষয়ে খেয়াল রাখতে হবে। সীমান্তের উপর বাঁধ দিয়ে জলপ্রবাহ বন্ধ করে রাখা হলে লবণাক্ততার জন্য বাংলাদেশের ভূমির উর্বরতা নষ্ট হবে। সেজন্য জলের প্রবাহ স্বাভাবিক রাখা অতীব গুরুত্বপূর্ণ।
এ সময় অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে উপস্থিত থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, কৃষকের জমিতে সেচসহ অধিক উৎপাদন বৃদ্ধি করতে কৃষকের কল্যাণে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ধারায় বর্তমান প্রধানমন্ত্রীর নেতৃত্বে খাল খনন শুরু হয়েছে। এ খাল খনন কোনো লোক দেখানো নয়, এটি জনগণের প্রকৃত কাজে লাগবে। আগামী বর্ষার আগেই কৃষকরা এই খালের শতভাগ সুফল পাবে।
তিনি আরও বলেন, পূর্বের সরকারের সমালোচনা নয়, আমরা জনগণের জন্য ভালো কিছু করতে চাই। আমরা গ্রাম অঞ্চলের সকল নারী পুরুষের জন্য অনেক কর্মসূচি হাতে নিয়েছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আগামী মাস থেকে কৃষক কার্ড বিতরণ এবং জুনের শেষ দিকে পাইলট প্রকল্পের আওতায় হেলথ কার্ড বিতরণ শুরু করব।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকদের কৃষি ঋণ সুদসহ মওকুফ করে দিচ্ছি। এরই মধ্যে আমরা প্রতিটি ইউনিয়নের মসজিদ, মাদ্রাসা, মন্দির উন্নয়নে কাজ শুরু করেছি। সার্বিকভাবে আমরা দেশে একটা চাঞ্চল্যের কর্মধারা সৃষ্টি করেছি।
নরসিংদীর জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন, নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন, পুলিশ সুপার আবদুল্লাহ আল ফারুক, জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, জেলা যুবদলের সভাপতি মহসিন হোসাইন বিদ্যুৎ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রিফাত।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এ মুহাইমিন আল জিহান, বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়া, মনোহরদী উপজেলা সহকারী কমিশনার ভূমি সজীব মিয়া, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব মো. হান্নান মিয়া, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশব্যাপী খাল খনন ও পুনঃখননের অংশ হিসেবে উদ্বোধনী দিনে মনোহরদী উপজেলার কাচিকাটা ইউনিয়নের মহিষাখালী খালটি খনন কার্যক্রমের সূচনা করা হয়। এই কর্মসূচির অংশ হিসেবে জেলার ২৮৫টি গুরুত্বপূর্ণ খাল খনন ও পুনঃখনন কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য মন্ত্রীসহ জেলার ৫ সংসদ সদস্য কোদাল দিয়ে মাটি কেটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। মহিষাখালী খালটি ১১৩০ মিটার দৈর্ঘ্যের, প্রস্থ ২০ মিটার, গভীরতা ৬০ ফুট।



