বগুড়ায় ভবন থেকে পড়ে প্রাণ গেল নির্মাণ শ্রমিকের
বগুড়া প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৪:৫৩ পিএম
বগুড়ার শাজাহানপুর উপজেলায় নির্মাণাধীন একটি ভবন থেকে পড়ে নাজমুল হাসান (২২) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রোববার (১৫ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার মাঝিরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নাজমুল হাসান উপজেলার মাদলা ইউনিয়নের শুড়িমারা গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে মাঝিরা এলাকায় একটি তিনতলা নির্মাণাধীন ভবনের ছাদে সাটারিংয়ের কাজ করছিলেন নাজমুল। তার সঙ্গে সনি মিস্ত্রি নামে আরেকজন শ্রমিকও কাজ করছিলেন। কাজ করার একপর্যায়ে নাজমুল হঠাৎ ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হন।
পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে শাজাহানপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নাজমুলের সহকর্মী মো. সনি বলেন, ‘নাজমুল ওপরের বিমে কাজ করছিল। আমি নিচে বস্তা কাটছিলাম। হঠাৎ একটা শব্দ শুনে দেখি সে নিচে পড়ে গেছে। পরে আমরা তাকে হাসপাতালে নিয়ে যাই।’
ভবন নির্মাণকাজের দায়িত্বে থাকা হেড রাজমিস্ত্রি আমিনুল ইসলাম জানান, এক সেনা সদস্যের বাড়ির নির্মাণকাজ চলছিল সেখানে। তিনতলার ছাদের সাটারিংয়ের কাজের সময় এই দুর্ঘটনা ঘটে।
শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল বলেন, পুলিশ বিষয়টি জেনেছে। মরদেহ বর্তমানে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে। পরিবারের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



