ভোটের কালি শুকানোর আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করছেন প্রধানমন্ত্রী: মীর শাহে আলম
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:৪২ পিএম
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যা বলেন, তাই বাস্তবায়ন করেন। ভোটের সময় দেয়া প্রতিশ্রুতিগুলো তাঁর নেতৃত্বে দ্রুত বাস্তবায়ন শুরু হয়েছে এবং অল্প সময়ের মধ্যেই দেশবাসী তার সুফল দেখতে পাচ্ছে।
শুক্রবার সকাল ১১টায় বগুড়া জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেলের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের সম্মানীসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। তিনি বলেন, অল্প সময়ের মধ্যেই তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে নতুন গতি এসেছে। দেশের সার্বিক দৃশ্যপটেও ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে।
সভায় আরও বক্তব্য দেন শহর বিএনপির সভাপতি হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জহুরুল ইসলাম, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, জজকোর্টের জিপি অ্যাডভোকেট শফিকুল ইসলাম টুকু এবং জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা বেগম।



