জাতীয় গ্রিডে ত্রুটি, আশুগঞ্জ পাওয়ার স্টেশনের দুটি ইউনিট বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ১০:১৪ পিএম
ছবি : সংগৃহীত
জাতীয় গ্রিড লাইনে ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির দুটি বৃহৎ ইউনিট হঠাৎ বন্ধ হয়ে গেছে। শুক্রবার (১৩ মার্চ) বিকাল ৩টার দিকে বিকট শব্দের পর ইউনিট দুটি বন্ধ হয়ে যায়। এতে জাতীয় গ্রিডে প্রায় সাড়ে ৫শ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ কমে যায়।
বিদ্যুৎকেন্দ্রের কারিগরি বিভাগ জানায়, সচল পাঁচটি ইউনিটের মধ্যে তিনটি বৃহৎ ইউনিটে সাড়ে ৭শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল। এর মধ্যে ৪শ মেগাওয়াট (নর্থ) ও ৪শ মেগাওয়াট (ইস্ট) ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয়।
আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির নির্বাহী পরিচালক (কারিগরি) প্রকৌশলী মো. আব্দুল মজিদ জানান, আশুগঞ্জ-ভুলতা ৪০০ কেভি গ্রিড লাইনে ত্রুটির কারণে ইউনিট দুটি বন্ধ হয়েছে। ত্রুটি নিরসনের কাজ চলছে এবং রাতের মধ্যে ইউনিটগুলো পুনরায় চালু করা হবে বলে আশা করা হচ্ছে।
তিনি আরও জানান, গ্যাস সরবরাহ চাহিদা অনুযায়ী না পাওয়ায় ৮শ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এই দুটি ইউনিটে সাড়ে ৫শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল।



