দখল উৎসবে মাতোয়ারা যুবদল নেতা, অসহায় রূপগঞ্জ উপজেলা প্রশাসন
রূপগঞ্জ ( নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ: ১৩ মার্চ ২০২৬, ০৭:৪৪ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রূপগঞ্জ সদর ইউনিয়নের মুজিবুর রহমান নামে এক যুবদল নেতা ও হরি আনন্দ নামে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ মার্চ) সকালে উপজেলার দক্ষিণবাগ এলাকায় যুবদল নেতা মজিবুর ও আওয়ামী লীগ নেতা হরিনন্দ সরকারি জমি দখল করে ঘর নির্মাণ করতে গেলে স্থানীয় এলাকাবাসী বাধা দেন। পরে হরি আনন্দ তাদের হুমকি ধামকি প্রদান করে। মজিবুর রহমান রূপগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক।
স্থানীয় এলাকাবাসী বলেন, উপজেলার দক্ষিণবাগ এলাকায় বেশকিছু সরকারি জমি রয়েছে। এ সকল সরকারি জমি রক্ষণাবেক্ষণের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছ থেকে মাদ্রাসা নির্মাণের জন্য বরাদ্দ নেন রাশেদুল ইসলাম নামে স্থানীয় বাসিন্দা। সরকারি জমিটি জোরপূর্বক দখল করতে যুবদল নেতা মজিবুর রহমান ও আওয়ামী লীগ নেতা হরি আনন্দ ঘর নির্মাণ করতে যায়। এসময় রাশেদুল ইসলামসহ স্থানীয় বাধা প্রদান করলে মজিবুর রহমান ও হরি আনন্দ সহ তাদের লোকজন তাকে হুমকি-ধমকি প্রদান করে। এমনকি মুঠোফোনে ঘর নির্মাণে আবার বাধা প্রদান করলে সে রাশেদুল ইসলামকে হত্যার পর গুম করে শীতলক্ষ্যায় ভাসিয়ে দিবে বলে হুমকি দেন। এতে করে রাশেদুল ইসলাম ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জমি মাপার আমিন বলেন, আমি নকশা অনুযায়ী মেপে দেখেছি এটি সরকারি জমি।
এ ব্যাপারে রাশেদুল ইসলাম বলেন, আমি মাদ্রাসা নির্মাণের জন্য সরকারি জমিটুকু বরাদ্দ আনি। যেখানে হতদরিদ্র ও এতিম ছেলে মেয়েরা লেখাপড়া করবে। কিন্তু সেই জমিটিতে ঘর নির্মাণ করে দখলের পায়তারা চালাচ্ছে মজিবুর রহমান নামে এক বিএনপি নেতা ও হরি আনন্দ নামে এক আওয়ামীলীগ নেতা। আমি বাধা প্রদান করতে গেলে যুবদল নেতা মজিবুর রহমান আমাকে হত্যার হুমকি প্রদান করে।
এ ব্যাপারে অভিযুক্ত যুবদল নেতা মজিবুর রহমান বলেন, যে জমিটিতে ঘর নির্মাণ করা হচ্ছে সেটি সরকারি জমি নয়।
এবিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সবজেল হোসেন বলেন,একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম বলেন, বিষয়টি যেহেতু জানলাম সরেজমিনে গিয়ে তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে। যদি সত্যতা পাওয়া যায় তাহলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।



