কক্সবাজারে রামুর খুনিয়াপালংয়ে ট্রাক ও অটোরিকশা সংঘর্ষে দুই শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে তিনজন।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টায় শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ আঞ্চলিক সড়ক) রামু উপজেলার মির্জা আলীর দোকান এলাকায় এ ঘটনা ঘটে। রামু হাইওয়ে ক্রসিং থানা পুলিশের পরিদর্শক নাছির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছে।
নিহতরা হল- উখিয়া উপজেলার পালংখালী এলাকার ফরিদুল ইসলামের মেয়ে বুসরা (৭) এবং একই এলাকার নুরুল আলমের মেয়ে জান্নাতুল মাওয়া মনি (১৪)।
আহতরা হল- নিহতদের একই এলাকার সরওয়ার আলম ফয়সালের স্ত্রী উম্মে হাবিবা বিউটি (২৬) ও তার মেয়ে শিশু ফায়জা বিনতে ফয়সাল (৬)। ঘটনায় আহত অটোরিকশা চালক মোহাম্মদ সাঈদী (২৭) রাজাপালং ইউনিয়নের বাগানের পাহাড় এলাকার বাসিন্দা।
স্থানীয়দের বরাতে পরিদর্শক নাছির উদ্দিন বলেন, বিকালে রামুর খুনিয়াপালং ইউনিয়নের মির্জা আলীর দোকান এলাকায় কক্সবাজারমুখী মিনিট্রাকের সাথে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলে এক শিশু নিহত এবং চালক সহ চারজন আহত হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে যায়। এসময় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জান্নাতুল মাওয়া মনি ও উম্মে হাবিবা বিউটিকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করেন। তাদের চমেকে নিয়ে যাওয়ার পথে ঈদগাঁও এলাকায় পৌঁছলে জান্নাতুল মাওয়া মনির মৃত্যু হয়েছে। আহত অপর দুজন কক্সবাজারে চিকিৎসাধীন।
হাইওয়ে পুলিশের এ পরিদর্শক বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করেছে। নিহতদের লাশ কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে রয়েছে।



