Logo
Logo
×

সারাদেশ

রমজানের ভিজিএফ স্লিপে অনিয়মের অভিযোগ, উলিপুরে চেয়ারম্যানকে গণধোলাই

Icon

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০৭:২৪ পিএম

রমজানের ভিজিএফ স্লিপে অনিয়মের অভিযোগ, উলিপুরে চেয়ারম্যানকে গণধোলাই

কুড়িগ্রামের উলিপুর উপজেলার ধরণীবাড়ী ইউনিয়নে ভিজিএফ স্লিপ বিতরণকে কেন্দ্র করে উত্তেজনার মধ্যে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদ আলী জনতার হাতে গণধোলাইয়ের শিকার হয়েছেন। 

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ৬ নম্বর ধরণীবাড়ী ইউনিয়ন পরিষদ এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র রমজান উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে সরকার প্রদত্ত ভিজিএফ কর্মসূচির চাল বিতরণের জন্য স্লিপ বিতরণ করা হচ্ছিল। এ সময় উপকারভোগীদের তালিকা প্রণয়নে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে। এতে স্লিপ নিতে আসা মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

একপর্যায়ে স্লিপ নিতে আসা লোকজনের সঙ্গে চেয়ারম্যানের সমর্থকদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উত্তেজিত জনতা চেয়ারম্যান এরশাদ আলীর ওপর হামলা চালায়। এতে তিনি গণধোলাইয়ের শিকার হন।

পরে স্থানীয় লোকজন ও দায়িত্বশীল ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং আহত চেয়ারম্যানকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসান বলেন, “ভিজিএফ স্লিপ বিতরণে অনিয়মের অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ ঘটনায় স্থানীয়রা সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন