হৃদয়ে ফুটো নিয়ে লড়ছে ৮ মাসের শিশু, সন্তানকে বাঁচাতে পথে পথে মা
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:১৮ পিএম
মার্কেটের সামনে কোলে ছোট্ট শিশুকে নিয়ে দাঁড়িয়ে আছেন এক মা। পথচারীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছেন—কেউ সামান্য সাহায্য করছেন, কেউ আবার পাশ কাটিয়ে চলে যাচ্ছেন। এভাবেই প্রতিদিন সন্তানের চিকিৎসার খরচ জোগাতে মানুষের কাছে সহযোগিতা চাইছেন মা লাবন্য আক্তার। কখনও তার পাশে এসে দাঁড়ান শিশুটির বাবা। তাদের একটাই আকুতি—সন্তানটিকে যেন বাঁচানো যায়।
বগুড়ার শাজাহানপুর উপজেলার দুরুলিয়া পশ্চিমপাড়া গ্রামের অটোরিকশাচালক আবু বক্কর ও গৃহিণী লাবন্য আক্তারের দ্বিতীয় সন্তান ওমর ফারুক। সাত মাস পার করে এখন তার বয়স আট মাস। দরিদ্র হলেও ছোট্ট এই সন্তানকে ঘিরে সুখেই কাটছিল তাদের সংসার। কিন্তু সেই সুখ বেশিদিন স্থায়ী হয়নি।
হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে শিশুটি। ঠান্ডাজনিত সমস্যার পর চিকিৎসকের শরণাপন্ন হলে পাঁচ মাস বয়সে ঢাকায় বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে জানা যায়, তার হৃদপিণ্ডে বড় ধরনের ফুটো রয়েছে এবং ফুসফুসের নালীও সরু। চিকিৎসকেরা দ্রুত অপারেশনের পরামর্শ দিয়েছেন। এর জন্য প্রয়োজন প্রায় পাঁচ লাখ টাকা।
শিশুটির বাবা আবু বক্কর জানান, ভাড়ায় চালিত অটোরিকশা চালিয়ে কোনোমতে সংসার চালান তিনি। এত বড় অঙ্কের টাকা জোগাড় করা তার পক্ষে অসম্ভব। বর্তমানে অসুস্থ অবস্থায় ওমর ফারুক বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। মাঝেমধ্যে তার অক্সিজেন সংকট দেখা দেয়, হাত-পা ফুলে যায় এবং শরীর নীলচে হয়ে ওঠে।
মা লাবন্য আক্তার বলেন, “আমার সন্তানের জীবন বাঁচাতে সবার সহযোগিতা চাই। সমাজের বিত্তবান মানুষ এবং সরকার যদি আমাদের দিকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন, তাহলে আমার শিশুটি বাঁচতে পারে।”
শিশুটির জরুরি অপারেশনের জন্য প্রয়োজন পাঁচ লাখ টাকা। সন্তানের জীবন বাঁচাতে সমাজের সহৃদয় ব্যক্তি ও বিত্তবানদের কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন তার বাবা-মা।
সহযোগিতা পাঠানোর ঠিকানা:
বিকাশ/নগদ: ০১৩১৭৪৭৯৬৭৬
ডাচ-বাংলা ব্যাংক হিসাব: আবু বক্কর – ৭০১৭৩১১৩০৩১৩৮



