Logo
Logo
×

সারাদেশ

কিশোরকে বিবস্ত্র করে চুল কেটে নির্যাতনের ঘটনায় বগুড়ায় যুবক গ্রেপ্তার

Icon

বগুড়া প্রতিবেদক

প্রকাশ: ১২ মার্চ ২০২৬, ০১:১১ পিএম

কিশোরকে বিবস্ত্র করে চুল কেটে নির্যাতনের ঘটনায় বগুড়ায় যুবক গ্রেপ্তার

ছবি : সংগৃহীত

বগুড়ার শেরপুরে এক কিশোরকে (১৩) আটক করে বিবস্ত্র অবস্থায় মারধর ও মাথার চুল কেটে নির্যাতনের অভিযোগ উঠেছে। নির্যাতনের শিকার ওই কিশোর স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী। 

ভুক্তভোগী কিশোরের পরিবার সূত্রে জানা যায়, গত ৬ মার্চ শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা এলাকায় এ নির্যাতনের ঘটনা ঘটে। ঠিক তার পরের দিন তার দাদি মারা যাওয়ায় সবাই ব্যস্ত হয়ে পড়েন। গত ১০ মার্চ কিশোরের বাবা বিষয়টি প্রতিবেশীদের জানান। এতে বিক্ষুব্ধ জনগণ অভিযুক্তের বাড়ি ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এ ঘটনায় কিশোরের বাবা উপজেলার হামছায়াপুর গ্রামের জহুরুল ইসলাম মঙ্গলবার (১০ মার্চ) দিবাগত রাতে শেরপুর থানায় মামলা দায়ের করেছেন।

মামলার পর অভিযান চালিয়ে পুলিশ একই রাতে এজাহারভুক্ত আসামি মোতালেব আলভী (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আলভী সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বেংনাই গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি শেরপুর উপজেলার খন্দকারটোলা এলাকায় আত্মীয়ের বাড়িতে থেকে অনলাইনে জামাকাপড়ের ব্যবসা করতেন। গ্রেপ্তারের পর বুধবার (১১ মার্চ) বিকেলে তাকে আদালতের মাধ্যমে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেরপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, খেলাধুলাকে কেন্দ্র করে গত ৬ মার্চ দুপুরে মোতালেব আলভীসহ এজাহারনামীয় আরও কয়েকজন খন্দকারটোলা এলাকায় ওই কিশোর মাহমুদুল হাসানকে আটক করে। পরে তাকে মারধর করা হয়। একপর্যায়ে তার মাথার চুল কেটে তাকে বিবস্ত্র করে নির্যাতন করা হয়। এতে কিশোরটি শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহীম আলী বলেন, চিকিৎসা শেষে মঙ্গলবার দিবাগত রাতে ভুক্তভোগী কিশোরের বাবা ছয়জনের নামে থানায় মামলা করেছেন। গ্রেপ্তার হওয়া মোতালেব আলভী এ মামলার দুই নম্বর এজাহারভুক্ত আসামি। মামলার অন্য আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন