Logo
Logo
×

সারাদেশ

বগুড়ায় মশলার দোকানে ধানের তুষ ও পচা মরিচ, ৭০ হাজার টাকা জরিমানা

Icon

বগুড়া অফিস

প্রকাশ: ১০ মার্চ ২০২৬, ০৬:৪৮ পিএম

বগুড়ায় মশলার দোকানে ধানের তুষ ও পচা মরিচ, ৭০ হাজার টাকা জরিমানা

বগুড়ায় মশলা বিক্রির দোকানে ধানের তুষ ও নিম্নমানের পচা মরিচ সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 

সোমবার (৯ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের ফতেহ আলী বাজারের ছাতা পট্টির গলিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, র‍্যাব-১২ ও পুলিশের যৌথ অভিযান পরিচালনা করা হয়।

বগুড়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান বলেন, অভিযানকালে দোলন নামের একটি খুচরা মশলা বিক্রির দোকানে এক বস্তা ধানের তুষ এবং এক বস্তা পচা ও নিম্নমানের মরিচ সংরক্ষিত অবস্থায় পাওয়া যায়। এসব অপরাধের স্বীকারোক্তির ভিত্তিতে দোকানের মালিক দোলনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় বগুড়া হলুদ মিলে ‘মৌরী হলুদ’ নামে নষ্ট ও নিম্নমানের হলুদ ভালো হলুদের সঙ্গে মিশ্রণের উদ্দেশ্যে সংরক্ষণ করতে দেখা যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটির মালিক রোকনুজ্জামানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, অভিযুক্ত দুই প্রতিষ্ঠানের কোনো ধরনের লাইসেন্স ছিল না।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সাধারণ সম্পাদক ফজিলাতুন্নেসা ফৌজিয়া। এ সময় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সরকারের আইন ও বিধি মেনে নিরাপদ খাদ্য নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন