শেরপুরে বালি বোঝাই ট্রাক উল্টে চালক আহত
শেরপুর (বগুড়া) প্রতিবেদক
প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০২:২৫ পিএম
ছবি : শেরপুরে বালি বোঝাই ট্রাক উল্টে চালক আহত
বগুড়ার শেরপুরে বালি বোঝাই একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রাকের চালক সামান্য আহত হয়েছেন। তবে এ ঘটনায় বড় ধরনের কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সোমবার (০৯ মার্চ) বেলা প্রায় পৌনে একটার দিকে উপজেলার মির্জাপুর হাটের উত্তরপাশের কৃষ্ণপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বালি বোঝাই ১০ চাকার একটি ট্রাক ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথে হঠাৎ করে সামনের চাকা বাস্ট (ফেটে) হয়ে যায়। এতে চালক ট্রাকটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি সড়কের পাশে উল্টে পড়ে।
দুর্ঘটনায় ট্রাকের চালক সামান্য আহত হন। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি বা প্রাণহানির ঘটনা ঘটেনি।
ট্রাকটির নম্বর ২০-০২১৪ বলে জানা গেছে। দুর্ঘটনার কারণে ওই এলাকায় কিছু সময়ের জন্য যান চলাচলে সামান্য বিঘ্ন সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
স্থানীয়রা জানান, ট্রাকটির সামনের চাকা হঠাৎ ফেটে যাওয়ার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।



