শেরপুরে অজ্ঞাতনামা ব্যক্তির মৃত্যু, মর্গে লাশ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:৩৪ পিএম
বগুড়ার শেরপুরে অজ্ঞাতনামা এক ব্যক্তিকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মার্চ ২০২৬ খ্রিষ্টাব্দ সকাল প্রায় ১১টার দিকে বগুড়া জেলার শেরপুর থানার সীমাবাড়ি ইউনিয়নের ঢাকা–বগুড়া মহাসড়কের পাশে অজ্ঞান অবস্থায় ওই ব্যক্তিকে পড়ে থাকতে দেখা যায়। পরে সীমাবাড়ি এলাকার গ্রাম পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য একই দিন সন্ধ্যা ৭টার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৬ মার্চ সকাল ৫টা ৩৫ মিনিটে অজ্ঞাতনামা ওই ব্যক্তির মৃত্যু হয়।
পরে পিবিআইয়ের মাধ্যমে ভিকটিমের ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হলেও এখন পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। তবে ভিকটিমের ফিঙ্গারপ্রিন্ট সিআইডি কর্তৃক সংরক্ষণ করা হয়েছে।
বর্তমানে মৃত ব্যক্তির লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কারো পরিচিত হলে শেরপুর থানায় যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে পুলিশ।



