বগুড়ায় বৈষম্যবিরোধীর কমিটি ঘোষণার পরই এক নেতার পদত্যাগ
বগুড়া অফিস
প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ১০:২৭ পিএম
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা শাখার ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণার পরপরই একজন নেতার পদত্যাগের ঘটনা ঘটেছে। কমিটিতে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রাখা তাজনুর ইসলাম এ পদ থেকে সজ্ঞানে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
বৃহস্পতিবার (০৫ মার্চ) রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ, মুখ্য সমন্বয়ক হাসিব আল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুঈনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য বগুড়া জেলা শাখার এই কমিটি অনুমোদন দেওয়া হয়। কমিটিতে আরিফুর রহমান আকিবকে আহ্বায়ক ও আলী বিন আজমকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটি ঘোষণার পরই ফেসবুকে দেওয়া এক বিবৃতিতে তাজনুর ইসলাম জানান, তার অনুমতি ছাড়াই তাকে সিনিয়র যুগ্ম সদস্য সচিব পদে রাখা হয়েছে। এ কারণে তিনি ওই পদ থেকে সজ্ঞানে পদত্যাগ করছেন।
তিনি আরও বলেন, ভবিষ্যতে তার নাম বা পদ ব্যবহার করে কেউ কোনো অনৈতিক কাজ করলে তার দায়ভার তিনি নেবেন না।
তাজনুর ইসলাম দাবি করেন, তিনি ছাত্রদলের সমর্থক ও কর্মী। তাই তাকে অন্য কোনো সংগঠনের সঙ্গে যুক্ত করা হলে তিনি আইনগত ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় বা বগুড়া জেলা শাখার আহ্বায়ক কমিটির কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।



