Logo
Logo
×

সারাদেশ

কচাকাটায় বড় বোনকে গলা কেটে হত্যা: র‌্যাবের হাতে গ্রেফতার প্রধান আসামি

Icon

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ: ০৬ মার্চ ২০২৬, ০৩:২৫ পিএম

কচাকাটায় বড় বোনকে গলা কেটে হত্যা: র‌্যাবের হাতে গ্রেফতার প্রধান আসামি

কুড়িগ্রামের কচাকাটা এলাকায় ছোট বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় বড় বোনকে গলা কেটে হত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক প্রধান আসামি মো. আবুল কালাম (৩৫)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১৩)। বুধবার (৫ মার্চ) রাতে রংপুর জেলার বদরগঞ্জ উপজেলার স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্র ধারণ করে র‌্যাব চাঞ্চল্যকর হত্যা, অপহরণ, ধর্ষণ ও রাহাজানিসহ বিভিন্ন গুরুতর অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে কচাকাটার ওই হত্যাকাণ্ডের আসামিদের গ্রেফতারে র‌্যাব গোয়েন্দা তৎপরতা শুরু করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামি আবুল কালাম ও তার সহযোগীরা ৫ হাজার টাকার বিনিময়ে ভিকটিম শাহিদা খাতুনের ছোট বোনকে শারীরিক সম্পর্কের কুপ্রস্তাব দেয়। বিষয়টি জানতে পেরে শাহিদা খাতুন ও তার ছোট ভাই অভিযুক্তদের বিরুদ্ধে গ্রাম্য সালিশের আয়োজন করেন। তবে সালিশের দিন অভিযুক্তরা উপস্থিত না হওয়ায় বিষয়টি অমীমাংসিত থেকে যায়।

এরই জেরে গত ১৪ জানুয়ারি ২০২৬ তারিখ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে শাহিদা খাতুন বাড়ির উঠানে টিউবওয়েলের পাশে রান্নার জন্য চাল ধুচ্ছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা আবুল কালাম ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তার গলা কেটে হত্যা করে বলে অভিযোগ রয়েছে।

ঘটনার পর নিহতের বাবা মো. সাইফুর রহমান বাদী হয়ে কুড়িগ্রাম জেলার কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ১৬ জানুয়ারি দায়ের করা হয় (মামলা নং-০৫), যার ধারা ৩০২/১০৯/৩৪ পেনাল কোড, ১৮৬০।

মর্মান্তিক এই হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। ঘটনার পর থেকে পলাতক আসামিদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু করে।

র‌্যাব-১৩ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ৯টা ৪০ মিনিটে রংপুর জেলার বদরগঞ্জ থানার স্টেশন রোড এলাকায় মো. আব্দুল মতিন আনছারীর বাড়িতে অভিযান চালিয়ে পলাতক প্রধান আসামি মো. আবুল কালামকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আবুল কালাম কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ এলাকার মৃত হোসেন আলীর ছেলে।

পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব। একই সঙ্গে হত্যা, ধর্ষণ, রাহাজানি ও মাদক চোরাকারবারসহ সব ধরনের অপরাধ দমনে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে বলেও সংস্থাটি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন