রামুতে ভাড়া ঘরে যুবকের অর্ধগলিত মরদেহ: ৩ দিন ধরে পলাতক টিকটকার স্ত্রী
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ০৫:৫০ পিএম
কক্সবাজারের রামুতে একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদ প্রকাশ বাদল (২৫) নামে এক যুবকের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে বুধবার (৪ মার্চ) উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরোংলোয়া এলাকা থেকে এই মরদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া।
নিহত বাদল উপজেলার পূর্ব রাজারকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের হাজীপাড়া গ্রামের ব্যবসায়ী আবুল কাশেমের ছেলে। এ ঘটনার পর থেকে তার স্ত্রী রামুর খুনিয়াপালং এলাকার বাসিন্দা ও তাহেরা বেগম আঁখি পলাতক রয়েছে।
রামু থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, বাদল ইজিবাইক চালক, স্বামী-স্ত্রী দুই জনই টিকটকার হিসেবে পরিচিত। তারা যে ভাড়া বাসা থাকতো ওখান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়দের মনে সন্দেহের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরাজায় তালা দিয়ে বন্ধ থাকায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং বিছানায় বাদলের গলাকাটা ও বীভৎস মরদেহ পড়ে থাকতে দেখে। মরদেহের অবস্থা দেখে প্রাথমিক ধারণা, অন্তত তিন দিন আগে তাকে শ^াসরুদ্ধ করে গলা কেটে হত্যা করা হয়েছে।
স্থানীয়দেও বরতায় তিনি জানান, পরিবারের অমতে টিকটকার আঁখিকে বিয়ে করায় স্বজনরা বিষয়টি মেনে নেননি। এই নিয়ে বিরোধের জেরে বাদল তার স্ত্রীকে নিয়ে আলাদা ভাড়া বাসায় থাকতে শুরু করেন।
রাজারকুল ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য (এমইউপি) স্বপন বড়ুয়া বলেন, নিহত বাদলের স্ত্রী আগে বিবাহিত হওয়ায় পরিবার এই বিয়ে মেনে নেয়নি। যার ফলে তারা আলাদা বাসা নিয়ে সংসার করছিলেন। কিছুদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হলে সামাজিকভাবে আমরা বসে সেটি মিমাংসা করে দিয়েছিলাম।"
তিনি বলেন, প্রাথমিক অবস্থায় মনে হচ্ছে পারিবারিক কলহের জেরে স্ত্রী আঁখি নিজেই বাদলকে পরিকল্পিতভাবে হত্যা করে বাইরে থেকে তালা লাগিয়ে পালিয়ে গেছেন। গত তিন দিন ধরে আঁখির কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না এবং তার মোবাইল ফোনও বন্ধ রয়েছে।
ওসি জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পালিয়ে থাকা স্ত্রীকে আটক করা সম্ভব হলে হত্যার রহস্য জানা যাবে।



