সোনারগাঁয়ে মানববন্ধন থেকে সিমেন্ট কোম্পানিতে হামলা, ভাঙচুর
সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৮:০২ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বৈদ্যেরবাজার ইউনিয়নে হাড়িয়া এলাকায় আমান সিমেন্ট কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন দূষণের অভিযোগ তুলে নারী ও শিশুদের ব্যবহার করে মানববন্ধন থেকে কোম্পানিতে হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৩ মার্চ) বিকেলে হামলা চালিয়ে কোম্পানির মূল গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে কোম্পানির সাইনবোর্ড, চেয়ার ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করা হয়। এ সময় কোম্পানির কম্পিউটার, মোবাইল ফোন ও সিসি ক্যামেরা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করেছেন কর্তৃপক্ষ।
এ ঘটনায় সন্ধ্যায় কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জামান বাদি হয়ে হামলাকারীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। তবে কোম্পানি কর্তৃপক্ষ দাবি করেছেন, ঝুট ব্যবসা না দেওয়ার কারণে মানববন্ধনের নামে এ হামলা করা হয়।
জানা গেছে, কোম্পানির ব্যাবসা নিয়ন্ত্রণের জন্য ওই ইউনিয়নের বিএনপি নেতা গাজী আওলাদ হোসেন, মজিবুর রহমান ও দিলারা বেগমের নেতৃত্বে লোকজন নিয়ে আমান সিমেন্ট কোম্পানির প্রধান ফটকের সামনে সাজানো মানববন্ধন করে। এক পর্যায়ে তারা লোকজন নিয়ে প্রধান ফটক ভেঙ্গে ভেতরে প্রবেশ করে। হামলাকারীরা কোম্পানির ভেতরে তান্ডব চালায়। এক পর্যায়ে লোকজনের হামলা থেকে রক্ষা পেতে কোম্পানির কর্মকর্তা কর্মচারীরা অফিস থেকে বের হয়ে নিরাপদে সরে যান। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ও শিল্প পুলিশের একাধিক দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
আমান সিমেন্ট কোম্পানির ডেপুটি জেনারেল ম্যানেজার নাদিরুজ্জমান বলেন, সকল নিয়ম কানুন মেনেই আমান গ্রুপ এখানে তাদের কার্যক্রম পরিচালনা করছেন। ক্ষমতার পট পরিবর্তনের পর বিএনপি নেতা গাজী আওলাদ হোসেনসহ একটি মহল তাদের নিজেদের ব্যাবসায়িক স্বার্থ হাসিলের জন্য পরিকল্পিতভাবে নারী ও শিশুদের ব্যবহার করে এ আন্দোলন করছেন। তারা এলাকাবাসীকে ইন্ধন দিয়ে এ বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করেছে।
তিনি আরও বলেন, সাজানো মানববন্ধনের নামে কোম্পানির মূল গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে কোম্পানির কম্পিউটার, মোবাইল ফোন ও সিসি ক্যামেরা লুট করেছে। হামলার ভয়ে কর্মকর্তা ও কর্মচারীরা নিরাপদে সরে যান। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বিএনপি নেতা গাজী আওলাদ হোসেন বলেন, আমান গ্রুপের শব্দ দূষণ ও ভূকম্পনের কারণে তাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বার বার বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়ে প্রতিকার পায়নি। রমজান মাসে এ শব্দ দূষণ ও ভূকম্পনে এ এলাকার মানুষ অনেক কষ্টের মধ্যে ছিল। তাই বাধ্য হয়ে এলাকার মানুষ আন্দোলনে নেমেছেন। তবে উত্তেজিত লোকজন হামলা করেছে।
সোনারগাঁ থানার ওসি মো. মহিববুল্লাহ বলেন, মানববন্ধনের নামে একটি কোম্পানিতে হামলা ও লুটপাট খুবই দুঃখজনক। তবে হামলার বিষয়ে অভিযোগ গ্রহণ করা হয়েছে। তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।



