বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই উৎপাদন, জরিমানা
বগুড়া অফিস
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ০৭:৪০ পিএম
বগুড়ায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের দায়ে দুটি কারখানাকে তিন লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে পায়ে মাড়িয়ে প্রস্তুত করা প্রায় ১০০ কেজি ময়দা জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শহরের নিশিন্দারা এলাকায় জেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, বগুড়া জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে ‘আলিফ লাচ্ছা সেমাই’ কারখানায় পায়ে মাড়িয়ে ময়দা খামি তৈরি, ল্যাট্রিনের ভেতরে সেমাই উৎপাদন, নোংরা পরিবেশে সংরক্ষণ ও মোড়কজাতকরণ এবং পোড়া তেল ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়। কারখানার কর্মীদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মানতে দেখা যায়নি। কোনো প্রকার মানসনদ গ্রহণ ছাড়াই এবং অনিবন্ধিত অবস্থায় উৎপাদন চলছিল
একই এলাকায় ‘শাহ লাচ্ছা সেমাই কারখানা’ (মেসার্স মজিদ ফুড প্রোডাক্টস)–এও অনিয়মের প্রমাণ মেলে৷
দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমাদের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত নিরাপদ খাদ্য আইন, ২০১৩–এর ৩৩ ধারায় ‘আলিফ লাচ্ছা সেমাই’ কারখানাকে ৩ লাখ এবং ‘শাহ লাচ্ছা সেমাই কারখানা’কে ৪০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল। সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি দল।



