মনোনয়ন জমা দিতে গিয়ে বগুড়া-৬ আসনে বিএনপির দুই নেতার হাতাহাতি
বগুড়া অফিস
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০৬:৪২ পিএম
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র জমা দিতে গিয়ে জেলা বিএনপির দুই শীর্ষ নেতার মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে।
সোমবার (২ মার্চ) দুপুরে জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে এ ঘটনা ঘটে।
দলীয় সূত্র জানায়, উপনির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার মনোনয়নপত্র জমা দিতে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে নির্বাচন অফিসে যান নেতারা। এ সময় জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা এবং যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিনের নাহিনের মধ্যে একটি বিষয় নিয়ে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে রূপ নেয়। উপস্থিত জ্যেষ্ঠ নেতারা দ্রুত হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
যোগাযোগ করা হলে আলী আজগর তালুকদার হেনা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রেজাউল করিম বাদশা ভাইয়ের মনোনয়ন জমা দেওয়ার সময় একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি জেলা বিএনপি দেখবে এবং প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে শেখ তাহা উদ্দিনের নাহিনের বক্তব্য জানতে চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, বগুড়া-৬ আসনটি বিএনপির চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়ায় শূন্য হয়। আগামী ৯ এপ্রিল এই আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



