কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নির্বাচনে তিন প্যানেলের জয়
কক্সবাজার প্রতিবেদক
প্রকাশ: ০১ মার্চ ২০২৬, ০৪:৪২ পিএম
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে বিএনপি সমর্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল সভাপতিসহ ৪টি পদে বিজয় লাভ করেছেন। জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল সাধারণ সম্পাদকসহ ৬টি পদে বিজয় লাভ করেছেন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত সাধারণ আইনজীবী প্যানেলে সহ সাধারণ সম্পাদক (হিসাব) সহ ৭টি পদে বিজয় লাভ করেছেন।
শনিবার রাত আড়াইটার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাং আহমদ কবির এই ফলাফল ঘোষণা করেন।
প্রাপ্ত ফলাফলে বিএনপি সমর্থিত বাংলাদেশ আইনজীবী ফোরাম প্যানেলের অ্যাডভোকেট মো. আবদুল মন্নান সভাপতি নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন জামায়াতে ইসলামী সমর্থিত বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন। বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্যানেলের সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার তৃতীয় অবস্থানে রয়েছেন।
সাধারণ সম্পাদক পদে জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেলের অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত সভাপতি পদপ্রার্থী অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত সাধারণ সম্পাদক পদপ্রার্থী অ্যডভোকেট ছলিমুল মোস্তফা তৃতীয় অবস্থানে রয়েছেন।
আইনজীবী ফোরাম মনোনীত মো. আবদুল মন্নান-ছলিমুল মোস্তফা প্যানেলের অন্যান্য বিজয়ীরা হলেন, সহ-সভাপতি পদে মোহাম্মদ আবদুল্লাহ-২, পাঠাগার ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে অ্যাডভোকেট শওকত ওসমান এবং নির্বাহী সদস্য পদে অ্যডভোকেট আজিজুল করিম জয় নির্বাচিত হয়েছেন। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত প্যানেল নির্বাচনে ১৭টি পদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা করে ৪ জন জয়লাভ করেন।
জামায়াতে ইসলামী সমর্থিত অ্যাডভোকেট মোহাম্মদ আমির হোসাইন-অ্যাডভোকেট মোহাম্মদ আখতার উদ্দিন হেলালী প্যানেলের অন্যান্য বিজয়ীরা হলেন, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুল বারী, সহ সাধারণ সম্পাদক (সাধারণ) পদে অ্যাডভোকেট জিয়াউদ্দিন মাহমুদ তমাল, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মোহাম্মদ নেজামুল হক ও অ্যাডভোকেট এ.কে.এম শাহজালাল চৌধুরী নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট এস. এম জসিম নির্বাচিত হয়েছেন। জামায়াতে ইসলামী সমর্থিত প্যানেল ১৭টি পদের বিপরীতে ১৭জন প্রতিদ্বন্দ্বিতা করে ৬জন জয়লাভ করেছেন।
বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমন্বয় পরিষদ সমর্থিত প্যানেলে অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সিকদার-অ্যাডভোকেট মোহাম্মদ নুরুল হুদা প্যানেলের বিজয়ী ৭ জন হলেন, সহ সাধারণ সম্পাদক (হিসাব) পদে অ্যাডভোকেট মো: মহিউদ্দিন, আপ্যায়ন সম্পাদক সম্পাদক পদে অ্যাডভোকেট মোহাম্মদ রিদুয়ান আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নাহিদা খানম কক্সী, সিনিয়র নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট ইকবালুর রশিদ আমিন ও অ্যাডভোকেট জিয়াউদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন। নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট পারভীন সুলতানা পিয়া ও অ্যাডভোকেট সেকাব উদ্দিন নির্বাচিত হয়েছেন। আওয়ামী লীগ সমর্থিত প্যানেল ১৭টি পদের বিপরীতে ১৫জন প্রতিদ্বন্দ্বিতা করে ৭জন প্রার্থী জয়লাভ করেন।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মোট ৯৪৮ জন ভোটারের মধ্যে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ৮৬১ জন এবং চকরিয়া উপজেলা চৌকি আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ৮৭ জন আইনজীবী ভোটার ছিলেন। মোট ভোট কাস্ট হয়েছে ৮৯২টি। তারমধ্যে, কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ৮০৬ জন এবং চকরিয়া উপজেলা আইনজীবী সমিতি ভবন ভোট কেন্দ্রে ৮৬ জন ভোটার ১৭টি পদে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৫০ জন আইনজীবী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এবারই প্রথম বিএনপি, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগ সমর্থিত ৩টি প্যানেল পৃথকভাবে নির্বাচনে অংশ নিয়েছেন। ২৮ ফেব্রুয়ারী শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ২টি ভোট কেন্দ্র যথাক্রমে কক্সবাজার জেলা আইনজীবী সমিতি ভবন ও চকরিয়া উপজেলা চৌকি আদালত ভবন কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে একযোগে ভোট গ্রহণ করা হয়।
নির্বাচনে জ্যেষ্ঠ আইনজীবী মোহাং আহমদ কবির অ্যাডভোকেট প্রধান নির্বাচন কমিশনার, এম. রেজাউল করিম অ্যাডভোকেট, সৈয়দ রাশেদ উদ্দিন অ্যাডভোকেট ও মোস্তাক আহমদ-৪ অ্যাডভোকেট সহকারী প্রধান নির্বাচন কমিশনার, ফরিদ আহমদ অ্যাডভোকেট, নুর আহমদ-২ অ্যাডভোকেট, আবু ছিদ্দিক অ্যাডভোকেট, তাপস রক্ষিত অ্যাডভোকেট, মোহাম্মদ সিরাজউল্লাহ অ্যাডভোকেট, এ.কে ফিরোজ আহমদ অ্যাডভোকেট ও মোহাং আরিফ উল্লাহ অ্যাডভোকেট নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করছেন। এরমধ্যে, সহকারী প্রধান নির্বাচন কমিশনার মোস্তাক আহমদ-৪ এবং নির্বাচন কমিশনার অ্যাডভোকেট নুর আহমদ-২ চকরিয়া চৌকি আদালত ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করেছেন।
১৯০১ সালে প্রতিষ্ঠিত জেলার সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির ইতিহাসে গঠনতান্ত্রিক বাধ্য বাধকতার কারণে এবারই প্রথম রোজাতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ২০২৫ সালে অনুষ্ঠিত নির্বাচনে সমিতির কার্যনির্বাহী কমিটির ১৭টি পদের মধ্যে বিএনপি মনোনীত প্যানেল সভাপতি, সাধারণ সম্পাদক সহ ৯টি পদে, জামায়াত ইসলাম মনোনীত প্যানেল সিনিয়র সহ সভাপতি সহ ৬টি পদে এবং আওয়ামী লীগ ঘরনার ২জন প্রার্থী জয়লাভ করেছিল।



