বগুড়া-৬ উপনির্বাচনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র উত্তোলন
বগুড়া প্রতিবেদক
প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২৮ পিএম
ছবি : সংগৃহীত
বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আবিদুর রহমান সোহেল মনোনয়নপত্র উত্তোলন করেছেন। শনিবার বিকেলে তিনি জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ফজলুল করিমের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আবিদুর রহমান সোহেল জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এবং বগুড়া শহর জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ সময় শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ. স. ম. আব্দুল মালেক, আইন সম্পাদক অ্যাডভোকেট শাহীন মিয়া, যুব ও ক্রীড়া সম্পাদক আব্দুস ছালাম তুহিন, মিডিয়া সম্পাদক ইকবাল হোসেন এবং ইসলামী ছাত্রশিবির বগুড়া শহর শাখার সভাপতি হাবিবুল্লাহ খন্দকারসহ বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মনোনয়নপত্র উত্তোলনের পর উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, বগুড়া সদরের ভোটাররা প্রতিবার একটি দলকে বিজয়ী করলেও নির্বাচিত প্রতিনিধিরা পরে আসন ছেড়ে দেন। এতে বারবার উপনির্বাচনের প্রয়োজন হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।
তিনি দাবি করেন, ভোটাররা নিজেদের সন্তান ভেবে যাকে নির্বাচিত করেছিলেন, তিনিও আসন ছেড়ে দিয়েছেন।
আসন্ন উপনির্বাচনে দলীয় প্রতীক নয়, সৎ ও যোগ্য প্রার্থী বিবেচনায় ভোট দেওয়ার জন্য তিনি বগুড়াবাসীর প্রতি আহ্বান জানান।
এর আগের দিন বিএনপি মনোনীত প্রার্থী রেজাউল করিম বাদশা মনোনয়ন পত্র উত্তোলন করেন। আগামী ৯ এপ্রিল এই আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



