খুলনায় যুবদল নেতা খান মুরাদকে কুপিয়ে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩৭ পিএম
ছবি : সংগৃহীত
খুলনার দিঘলিয়া উপজেলায় যুবদল নেতা খান মুরাদকে (৩৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে সেনহাটি ইউনিয়নের বক্সীবাড়ি কবরস্থানের সামনে এ হামলার ঘটনা ঘটে। নিহত মুরাদ হাজী গ্রামের বাসিন্দা এবং সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন। তিনি খান মুনসুর আহমেদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন দিঘলিয়া থানার ওসি মোহাম্মদ শাহ আলম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেল সাড়ে ৪টার দিকে সাজ্জাদ ও আলামিনসহ ১০ থেকে ১৫ জনের একটি দল মুরাদের ওপর হামলা চালায়। প্রাণ বাঁচাতে তিনি পাশের একটি দোকানে আশ্রয় নেন। তবে হামলাকারীরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তার দুই হাঁটুর নিচের রগ কেটে দেয়।
রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।
ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, হত্যাকারীদের রাজনৈতিক পরিচয় কোনো বিষয় নয়। কারা জড়িত তা শনাক্ত করা হয়েছে। খুব দ্রুতই তাদের গ্রেপ্তার করা হবে।



