চিকিৎসকদের পছন্দ অনুযায়ী তাদের পোস্টিং দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী
নরসিংদী প্রতিবেদক
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৯ পিএম
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, স্বাস্থ্য ব্যবস্থাকে নিরবিচ্ছিন্ন ও সহজ করার লক্ষ্যে চিকিৎসকদের পছন্দের জায়গায় তাদের পোস্টিংয়ের ব্যবস্থা করা হবে। সিভিল সার্জনদের অফিসে বসে থাকা চলবে না, ভিজিটে যেতে হবে।
তিনি বলেন, চিকিৎসকসহ সবাইকে সঠিক সময়ে তাদের কর্মস্থলে আসতে হবে। স্বাস্থ্য ব্যবস্থায় যে শূন্য পদে গুলো রয়েছে তা দ্রুত পূরণের ব্যবস্থা করা হবে যেখানে যেটা প্রয়োজন।
শুক্রবার(২৭ ফেব্রুয়ারি) দুপুরে নরসিংদীর মনোহরদী উপজেলার সব সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, কমিউনিটি ক্লিনিকগুলোকে প্রয়োজনীয় জনবলের সমন্বয়ে সচল করা হবে। যাতে মায়েরা প্রাথমিক সব সেবা সেখান থেকে নিতে পারে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এমএম মুহাইমিন আল জিহান, সহকারী কমিশনার (ভূমি) সজিব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সরকারি সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।



