কুড়িগ্রামে বিজিবির অভিযানে ৪৬ লাখ টাকার চোরাচালান পণ্য জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৮ পিএম
কুড়িগ্রামে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) বিশেষ অভিযানে প্রায় ৪৬ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল উদ্ধার করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ–এর কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) সূত্র জানায়, দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে ৪৬ লাখ ৪৭ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন, গরু ও ভারতীয় মদ আটক করা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্য পাচার রোধে সদর দপ্তরের নির্দেশনায় কুড়িগ্রাম ব্যাটালিয়ন জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এর অংশ হিসেবে নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
২২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা, দক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধের পাশাপাশি অবৈধ অনুপ্রবেশ রোধেও বিজিবি সদস্যরা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন।
তিনি আরও জানান, ভবিষ্যতেও সীমান্ত এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



