রমজান উপলক্ষে কিশোরগঞ্জে ন্যায্যমূল্যে এলপি গ্যাস সরবরাহে স্বস্তি
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:০৪ পিএম
মাহে রমজান উপলক্ষে জ্বালানি সংকটে বিপর্যস্ত সাধারণ মানুষের ভোগান্তি লাঘবে কিশোরগঞ্জে গ্যাস সংকটপূর্ণ এলাকায় ন্যায্যমূল্যে একদিনের বিশেষ এলপি গ্যাস সিলিন্ডার ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। রান্নার গ্যাসের সংকট ও অতিরিক্ত দামের প্রেক্ষাপটে জনবান্ধব এই উদ্যোগ গ্রহণ করে মেঘনা ফ্রেশ এলপি গ্যাস এর কিশোরগঞ্জ পরিবেশক স্পার্ক ইন্টারন্যাশনাল।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে স্পার্ক ইন্টারন্যাশনাল ফ্রেশ এলপি গ্যাসের উদ্যোগে কিশোরগঞ্জ সদর উপজেলার আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে, বড়পুল, গাইটাল, ডিসি অফিস, পুরানথানা ও বৌলাই বাজারে ন্যায্য মূল্যে এলপি গ্যাস সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এ সময় ক্রেতাদের মাঝে ন্যায্য মূল্যে ফ্রেশ এলপি গ্যাস সরবরাহ করা হয়। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যা ৬ টা থেকে ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি উল্লেখ্য বাজারের যেকোনো দোকানে একটি এলপি গ্যাস সিলিন্ডার রিফিল করতে খরচ হয় ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা, সেখানে গ্যাসসংকটপূর্ণ এলাকায় ন্যায্যমূল্যে একদিনের সিলিন্ডার সীমিত লাভে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি করা হয়। খোলা বাজারে চাহিদা মোতাবেক পর্যাপ্ত ন্যায্য মুল্যে বিক্রি করা হয়। নির্ধারিত দামে গ্যাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন সাধারণ ভোক্তারা।
স্থানীয় সূত্র জানায়, দেশের বিভিন্ন এলাকায় সংকটের কারনে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত বেশি দামে এলপি গ্যাস সিলিন্ডার বিক্রি করা হচ্ছে।এমন পরিস্থিতিতে ফ্রেশ গ্যাস কোম্পানির এই উদ্যোগ বাজারে ইতিবাচক বার্তা দিয়েছে বলে মনে করছেন ভোক্তা অধিকার সংশ্লিষ্টরা।
ক্যাম্পেইনে অংশ নেওয়া একাধিক ভোক্তা জানান, রমজানের মতো গুরুত্বপূর্ণ সময়ে ন্যায্যমূল্যে রান্নার গ্যাস পাওয়া তাদের জন্য বড় স্বস্তির বিষয়।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন মহলের মতে, এ ধরনের উদ্যোগ নিয়মিত ও বিস্তৃত হলে যে কোন সংকট, অতিরিক্ত মূল্য আদায় এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকাংশে কমে আসবে।
এ বিষয়ে মেঘনা ফ্রেশ এলপি গ্যাস লিমিটেডের ডিভিশনাল ম্যানেজার মো. হোসাইন মারুফের সঙ্গে কথা হলে তিনি বলেন, ‘রমজানের মতো পবিত্র সময়ে সাধারণ মানুষ যেন রান্নার গ্যাসের সংকটে ভোগান্তিতে না পড়েন, সেই চিন্তা থেকেই ন্যায্যমূল্যে এলপি গ্যাস সরবরাহের কিশোরগঞ্জের পরিবেশক স্পার্ক ইন্টারন্যাশনালের এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই জন্য সম্মানিত পরিবেশককে ধন্যবাদ জানাই।
ভোক্তাদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভবিষ্যতেও ন্যায্যমূল্যে গ্যাস সরবরাহ আমাদের পরিবেশক গন করবে বলে আমার বিশ্বাস। রমজান উপলক্ষে আয়োজিত এই বিশেষ ক্যাম্পেইন ইতোমধ্যে সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।



